২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইউএফএল এর কর্মকর্তাদের জ্ঞাতসারেই অস্ত্র খালাস হয় :আইও

চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) তৎকালীন কর্মকর্তাদের জ্ঞাতসারেই মূল জেটি ঘাটে দশ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ খালাস করা হয় বলে ইঙ্গিত পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

চট্টগ্রাম, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) তৎকালীন কর্মকর্তাদের জ্ঞাতসারেই মূল জেটি ঘাটে দশ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ খালাস করা হয় বলে ইঙ্গিত পাওয়া গেছে। সোমবার বিকালে সিইউএফএল এর সাবেক চার উর্ধতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডি চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। আইও সাংবাদিকদের বলেন, "সিইউএফএল জেটি পুরোপুরি সংরক্ষিত একটি এলাকা। এটি কিভাবে অবৈধভাবে অস্ত্র খালাসের কাজে ব্যবহৃত হল তা আমরা খতিয়ে দেখছি এবং এ কারণেই প্রতিষ্ঠানটির তৎকালীন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" মনিরুজ্জামান চৌধুরী জানান, চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে জিজ্ঞাসাবাদে ঐ কর্মকর্তারা কি বলেছেন সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। সোমবার বেলা তিনটা থেকে পৌনে ছয়টা পর্যন্ত সিআইডি চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে সিইউএফএল এর তৎকালীন মহাব্যবস্থাপক মোহসিন তালুকদার, ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক, ব্যবস্থাপক (মার্কেটিং) সরওয়ার কামাল ও সিকিউরিটি অফিসার জয়নাল আবেদীনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি কর্মকর্তারা জানান, মঙ্গলবার তাদের দ্বিতীয় দফায় এবং সিইউএফএল এর তৎকালীন সহকারী নিরাপত্তা কর্মকর্তা মবিন হোসেনকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আইও জানান, এদিনের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও এর আগে মামলার আটককৃত দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে এ অস্ত্র খালাস ও আমদানির সঙ্গে কারা জড়িত থাকতে পারে তা মিলিয়ে দেখা হচ্ছে। সিআইডি'র এক উর্ধতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিজ্ঞাসাবাদে চার কর্মকর্তা অনেক তথ্য দিলেও কার নির্দেশে সিইউএফএল'র মতো একটি কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) স্থানে অস্ত্র ও গোলাবারুদ খালাসের অনুমতি দিয়েছে তা জানাননি। আইও মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিইউএফএল এর তৎকালীন চার কর্মকর্তা ঘটনার দিন জেটি ঘাটে কোন ট্রলার ভেড়ার অনুমতি ছিল না বলে জানিয়েছেন। দুটি ট্রলার অবৈধভাবে জেটিতে ভিড়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ খালাস করে। মামলাটিকে 'খুবই স্পর্শকাতর' হিসেবে উল্লেখ করে তিনি জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে আর বিশেষ কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। এদিকে তদন্তে অগ্রগতি সম্পর্কে মামলার তত্ত্বাবধানে থাকা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটককৃত দুইজনের জবানবন্দি এবং সিইউএফএল এর কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরে কাদের জিজ্ঞাসাবাদ করা হবে তা নির্ধারণ করা হবে। পুলিশ সুপার জানান, আগামী ১৩ মে পর্যন্ত এ মামলার তদন্তের সময় নির্ধারিত আছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ সময়ের মধ্যেই মামলার উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচিত এ মামলার গ্রেপ্তারকৃত প্রধান দুই আসামি ও অস্ত্র খালাসের দায়িত্বে থাকা হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন- সিইউএফএল ও কোস্টগার্ডের প্রত্যক্ষ সহযোগিতায় তারা অস্ত্র খালাস করেছেন। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে অস্ত্র খালাসের জন্য ট্রাক ও ক্রেন নিয়ে ওই জেটিতে যাওয়ার পর গেইট খুলে দেওয়া হয়। গত দুই মার্চ দুই আসামি মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ বছরের ১৮ জানুয়ারি আলোচিত দশ ট্রাক অস্ত্র আটক মামলার অধিকতর তদন্তের জন্য আদালত আইও পরিবর্তনের আদেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে সিআইডির সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ২০০৪ সালের ২ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাসকালে পুলিশ দশ ট্রাক অস্ত্র আটক করে। বিভিন্ন আধুনিক অস্ত্রের এ বিরাট চালানটি নিয়ে তখন দেশে ব্যাপক আলোচনা হয়। অস্ত্র উদ্ধারের পর সেদিন রাতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদি হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২১৯ঘ.