ঝিনাইদহ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাসা বরাদ্দ চেয়ে না পেয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে তালা ঝুলিয়ে দেন।
ভাইস চেয়ারম্যান লিপি সোমবার দুপুর পৌনে ১২ টার দিকে ইউএনও'র কার্যালয়ে তালা লাগিয়ে দিয়ে চলে যান। ওই সময় ইউএনও প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে বৈঠকে ছিলেন। প্রায় দুই ঘণ্টা পর দুপুর ৩টার দিকে উপজেলা চেয়ারম্যান মো. নায়েব আলী জোয়ার্দ্দার হাতুড়ি দিয়ে তালা ভেঙে কক্ষের দরজা খোলেন।
ভাইস চেয়ারম্যন লিপি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নিরাপত্তার কারণে তিনি উপজেলা পরিষদের ভিতর খালি বাসা বরাদ্দের জন্য ইউএনও'র কাছে আবেদন করেছিলেন। কিন্তু তাকে বাসা বরাদ্দ না করে ইউএনও খারাপ ব্যবহার করেন। এ জন্য তিনি প্রতিবাদ হিসাবে তার কক্ষে তালা দেন।
ইউএনও মো. মাহমুদুল হোসাইন খান বলেন, উপজেলা পরিষদের ভিতর কর্মকর্তাদের জন্য নির্ধারিত একটি বাসা খালি আছে। ভাইস চেয়ারম্যানকে ওই বাসা বরাদ্দ দেওয়ার বিধান নেই। তা ছাড়া ওই বাসায় যে-কোন সময় বরাদ্দ পাওয়া কর্মকর্তা এসে যেতে পারেন বলে তিনি জানান।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান নায়েব আলীর সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৩ ঘ.
bdnews24