টাঙ্গাইল, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "ভীষণ জোরে একটা শব্দ পাইয়া ক্ষেতের কাম ফালাইয়া ছুইটা যাই। দেহি একটা হেলিকপ্টার রৌহা স্কুলের পিছনের পুকুরে পইরা আছে। ভিতরের দুইজন মইরা গেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রত্যক্ষদর্শী চন্দ্র পর্বত গ্রামের মো. হাফিজ।
আহত একজনকে নিয়ে সড়কে এসে একটি মাইক্রোবাস থেকে যাত্রী নামিয়ে দিয়ে তাকে নিয়ে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান মো. হাফিজ। আনসার ব্যাটেলিয়ানে কর্মরত হাফিজ ছুটিতে বাড়িতে এসে সকালে জমিতে কাজ করছিলেন।
সোমবার সকাল ৮টার দিকে টাঙ্গাইল যমুনা সেতু সড়কের পাশে কালিহাতী উপজেলার রৌহাতে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ জন সেনা কর্মকর্তা নিহত ও ১ জন আহত হন।
কালিহাতী থানার ওসি ফিরোজ খান জানান, যশোর থেকে ময়মনসিংহগামী হেলিকপ্টারটি ঘন কুয়াশার কারণে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। পরে সেটি একটি বট গাছের সঙ্গে লেগে রৌহা প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বিশাল পুকুরে পড়ে। পুকুরে পানি ছিল খুবই অল্প। হেলিকপ্টারের বিভিন্ন যন্ত্রাংশ আশে পাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল।
স্থানীয় লোকজন হেলিকপ্টার থেকে ৩ জনকে বের করেন। এদের মধ্যে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল রফিকুল ইসলাম ও পাইলট লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত মেজর সাইফকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তির আধ ঘন্টা পর অন্য একটি হেলিকপ্টার এসে তাকে ঢাকা সিএমএইচএ নিয়ে যায়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. গোলাম মোস্তফা জানিয়েছিলেন, মেজর সাইফের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর পরই সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আশেপাশের হাজার হাজার নারী-পুরুষ-শিশু ঘটনাস্থলে ভিড় জমায়।
টাঙ্গাইল র্যাবের কর্মকর্তা এস এ মাহমুদ বলেন, "আমরা ঘটনাস্থলে পৌঁছেই উদ্ধার অভিযান শুরু করি। ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার কর্মীরা এসে যোগ দেয়। নিহত ২ জনের লাশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার নিয়ে যায়।"
বিমান বাহিনীর সখীপুরের পাহাড়কাঞ্চনপুরের ৪নং প্রভোস্ট ও সিকিউরিটি ইউনিটের অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট জোয়ারদার সিরাজুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিমও ঘটনাস্থল পরিদর্শন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২০০০ঘ.
bdnews24