২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে মুক্তিযোদ্ধা বাবাকে হত্যার অভিযোগে বাগেরহাটে আরেকটি মামলা

একাত্তর সালে মুক্তিযোদ্ধা বাবাকে হত্যার অভিযোগে বাগেরহাটে আরও একটি মামলা হয়েছে। এ নিয়ে বাগেরহাটে যুদ্ধাপরাধের অভিযোগে মোট পাঁচটি মামলা হয়েছে। মামলাগুলো হয়েছে মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল, কচুয়া ও সদর থানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 01:26 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

বাগেরহাট, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তর সালে মুক্তিযোদ্ধা বাবাকে হত্যার অভিযোগে বাগেরহাটে আরও একটি মামলা হয়েছে। এ নিয়ে বাগেরহাটে যুদ্ধাপরাধের অভিযোগে মোট পাঁচটি মামলা হয়েছে। মামলাগুলো হয়েছে মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল, কচুয়া ও সদর থানায়। কচুয়া উপজেলার ঝালডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা আতাহার আলী হাওলাদারকে হত্যার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এ মামলাটি করেন তার ছেলে মোহম্মদ আলমগীর হাওলাদার। অতিরিক্ত মুখ্য হাকিম আদালতে রোববার মামলাটি দায়ের করা হয়। দণ্ডবিধির ১২০ (খ), ৩০২ ও ৩৪ ধারায় দায়ের করা মামলাটি আমলে নিয়ে হাকিম আব্দুস সালাম খান কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। মামলার আসামিরা হলেন- কচুয়া উপজেলার মাধবকাঠি গ্রামের আফজাল হাওলাদার (৬০), আনো শেখ (৬০), শহীদ হাওলাদার (৫৮), তার ভাই ছরোয়ার হাওলাদার (৬৫), আজিজ ভুঁইঞা (৬০), ছোট বগা মাদারতলা গ্রামের মনির হাওলাদার (৬২), মাদারতলা গ্রামের মকছুদ আলী মল্লিক (৭০), লোকমান মল্লিক (৬২), চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের জালাল উদ্দিন শেখ (৬২), আনো ফকির (৬২) এবং বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাশারাত হালদার (৫৫)। এরা সবাই পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার বাহিনীর সদস্য ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধা আতাহার আলী হাওলাদার ঝালডাঙ্গা গ্রামের বাড়ি থেকে পার্শ্ববর্তী ভাসা বাজারে যাওয়ার পথে বিসিভাসা স্কুলের কাছে ওই ১১ রাজাকারের হাতে ধরা পড়েন। তারা আতাহারকে পার্শ্ববর্তী তালতলার ভিটায় নিয়ে হাত ও বুকে গুলি করে এবং বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করার পর আতাহারের 'যৌনাঙ্গ' কেটে নিয়ে 'মুক্তিযোদ্ধা শেষ করেছি' বলে উল্লাস করতে করতে তারা ঘটনাস্থল ত্যাগ করে। আতাহারকে হত্যার আগে তার স্ত্রী সায়েরা বেগম এসে আসামিদের অনেক অনুনয় করেও তাকে বাঁচাতে পারেননি। মামলায় আতাহারের স্ত্রীসহ নয়জনকে সাক্ষী করা হয়েছে। এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, "আদালতের নির্দেশ পেয়ে সোমবার মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। উপ-পরিদর্শক আকরাম হোসেনকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৫ ঘ.