২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত সেনা কর্মকর্তাদের কবরে খালেদার ফুল ও মোনাজাত

পিলখানা ঘটনায় নিহত মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজনীন শাকিলসহ ৪৩ জন সেনা কর্মকর্তার কবরে সোমবার বিকালে পুষ্পমাল্য অর্পণ করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা ঘটনায় নিহত মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজনীন শাকিলসহ ৪৩ জন সেনা কর্মকর্তার কবরে সোমবার বিকালে পুষ্পমাল্য অর্পণ করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। খালেদা জিয়া প্রতিটি কবরে শ্রদ্ধা জানান ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। বিকাল ৫টার কিছু পর খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ঢাকা সেনানিবাস এলাকার বনানী সামরিক কবরস্থানে আসেন। সেখানে বিডিআর এর মহাপরিচালক ও তার স্ত্রীর কবরে ফুল দেন তিনি। বিএনপি চেয়ারপার্সন এর আগে কবরের সামনে বিশেষ মোনাজাতে অংশ নেন। খালেদা জিয়ার পক্ষে দলের জ্যেষ্ঠ নেতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বিরোধী দলীয় নেতা প্রতিটি কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। এ সময়ে বিএনপির নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আর এ গনি, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, সহসভাপতি অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, অধ্যাপিকা সারোয়ারি রহমান, ড. মুশফিকুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান, যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক, সাংসদ বরকত উল্লাহ বুলু, আলহাজ্ব মোশাররফ হোসেন, সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, ফজলুল হক মিলন,শিরিন সুলতানা, হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯১৬ঘ.