গাজীপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টঙ্গীর দত্তপাড়া থেকে সাত বছরের শিশু শাওনকে অপহরণ করেছিল সংঘবদ্ধ দুর্বৃত্তরা। তারা শাওনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল। তবে তিনদিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে পুলিশ শিশু শাওনকে শনিবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চর বালিয়াকান্দি থেকে উদ্ধার করে।
বালিয়াকান্দি নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার সীমানা ঘেষা এলাকা।
শাওনের পরিবারের লোকজন জানান, তার বাসা টঙ্গীর দত্তপাড়ায় ১০/৪ হাজি ওসমান গণি সড়কে। স্থানীয় জাহান পাবলিক স্কুলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র সে। গত বুধবার দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাসায় ফিরে খেলাধূলা করতে বেরিয়ে যায় শাওন। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
প্রথম তার খোঁজ মিলে পরদিন সন্ধ্যায়। অজ্ঞাত এক যুবক শাওনের কাকা বিল্লাল হোসেন বাবুর মোবাইল ফোনে কল করে জানায় শাওন তাদের কব্জায় আছে। তাকে জীবিত ফিরে পেতে হলে পাঁচ লাখ টাকা দিত হবে। পুলিশকে জানালে বা কোন রকম চালাকির পরিণাম হবে ভয়ঙ্কর।
অপহরণকারীরা মোবাইল ফোনে যোগাযোগ অব্যাহত রাখে এবং পরিবারের সদস্যদের সঙ্গে শাওনের কথা বলিয়ে দেয়। শাওন পরিবারের কাছে তাকে বাঁচানোর আকুতি জানায়।
অপহরণের পরদিন বৃহস্পতিবার শাওনের বাবা গোলাম তসলিম টঙ্গী থানায় মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন উপ-পরিদর্শক আমিনুল ইসলাম।
তিনি বলেন, "মামলার তদন্ত করতে গিয়ে জানতে পারেন দত্তপাড়ার একই মহল্লা থেকে একই দিন (৪ মার্চ) অনুপস্থিত আছে অনিক ও বাবু নামে ১৭/১৮ বছর বয়সী দুই কিশোর। এই দুই কিশোরের চলাফেরা ও কাজ কর্ম সন্দেহজনক।
এ সূত্র ধরে এগিয়ে তিনি (আমিনুল ইসলাম) সফলও হন। অনিকের বাড়ি নরসিংদীর রায়পুরায়। আবার মুক্তিপণ দাবিকারীদের মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করে তাদের অবস্থানও যে রায়পুরায় তা নিশ্চিত হন তদন্তকারী কর্মকর্তা।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর মনোহরদীর নরেন্দ্রপুরে খালার বাড়ি থেকে পুলিশ অনিককে গ্রেপ্তার করে। ওই রাত থেকেই অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী পাঁচ লাখ টাকা ব্যাগে নিয়ে শাওনের কাকা বিল্লাল এক এলাকা থেকে অন্য এলাকা চষে বেড়ান।
ছদ্মবেশে বিল্লালের সঙ্গেী হয় পুলিশ দল। বিল্লালকে অনুসরণ করে অপহরণকারী দলের নিত্য নতুন সদস্য।
তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, শুক্রবার বিল্লাল ও ছদ্মবেশি পুলিশ দলের সঙ্গে যোগ দেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জামিল হাসান, টঙ্গী থানার ওসি জহিরুল হকসহ অন্যরা।
বারবার গতিপথ পরিবর্তন এবং কখনো টেম্পো, রিকশা, ট্রলারে করে নানা স্থান ঘুরে শুক্রবার রাতে পুলিশের দলটি পৌঁছায় বালিয়াকান্দিতে।
অপহরণকারীদের মোবাইল ফোনের কলের সূত্র ধরে তাদের অবস্থানও নিশ্চিত হয় পুলিশ। পরে গভীর রাতে এলাকা ঘেরাও করে মসজিদের মাইকে এলাকাবাসীর সহযোগিতা চায় তারা। চাপে পরে এক পর্যায়ে দুর্বৃত্তরা শাওনকে ছেড়ে দিয়ে গা ঢাকা দেয়।
রোববার শিশু শাওনকে গাজীপুর আদালতে আনা হয়।
শাওন সাংবাদিকদের জানান, ঘুড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে দত্তপাড়ার অনিক, বাবু ও অপরিচিত এক লোক (অপহরণের হোতা নরসিংদীর রায়পুরার বাবলু) তাকে একটি ট্যাক্সি ক্যাবে উঠায়। এক পর্যায়ে সে বুঝতে পারে তাকে অপহরণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, অপহরণকারীদের শক্তিশালী নেটওয়ার্কের সন্ধান মিলেছে। অনিক গ্রেপ্তার আছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.
bdnews24