ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাদের পরিবারের সদস্যরা শুক্রবার মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীরগেট থেকে শুরু করে বিএএফ শাহীন কলেজ গেট পর্যন্ত তারা মানববন্ধন রচনা করেন। সেনানিবাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে এতে অংশ নেয়।
এছাড়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহীমসহ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও অংশ নেন মানববন্ধনে।
কর্মসূচিতে অংশ নেওয়া সেনাপরিবারের সদস্যরা 'হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি' লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করছিলেন।
পরে বাদ জুমা নিহতদের পরিবারের সদস্যরা বনানী কবরস্থানে পুস্পস্তবক অর্পণ এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এছাড়া রাজধানীর মসজিদগুলোতেও নিহতদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এএনএস/এইচএ/২১২৯ঘ.
bdnews24