ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য পদের দাবিতে সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী বৃহস্পতিবার হাইকোর্টে রিট আবেদন করেছেন।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চে এ বি এম নূরুল ইসলাম নামে ওই আইনজীবী রিটটি দায়ের করেন।
রিটে বার কাউন্সিলের পদাধিকার বলে চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল, বার কাউন্সিলের সচিব ও আইনমন্ত্রীকে প্রতিপক্ষ করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, বর্তমান আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বার কাউন্সিলের সদস্যপদে নির্বাচিত হয়ে এর ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। তিনি আইনমন্ত্রী হওয়ার পর বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের পদ ছাড়লেও সদস্যপদ ছাড়েননি।
রিটে আরও বলা হয়েছে, নুরুল ইসলাম বার কাউন্সিল নির্বাচনে অষ্টম হয়েছিলেন। আইনমন্ত্রী বার কাউন্সিল আইন অনুযায়ী এর সদস্যপদ ছেড়ে দিলে তিনি সদস্য হতে পারেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এটি/এএল/এসকে/২৩০২ঘ.
bdnews24