পাবনা, মার্চ ০৫ ((বিডিনিউজ ২৪ ডটকম) - পাবনায় ১৮ বছর আগে গুম হওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে জেলার চাটমোহর উপজেলার বালুদিয়া গ্রাম থেকে গোলাম হোসেন খন্দকার (৪০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর বেরিয়ে এল আসল ঘটনা।
গোলাম হোসেনকে গুমের অভিযোগে করা মামলায় চার ব্যক্তি ১০ বছর সাজা খেটে ২০০১ সালে কারাগার থেকে বেরিয়ে আসেন।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কর্মকর্তারা জানান, ১৯৮৮ সালে তখনকার বৃহত্তর পাবনা জেলার শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামে একটি তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষকে শায়েস্তা করতে ওই গ্রামের দেলোয়ার হোসেন খন্দকার তার ছেলে গোলাম হোসেন খন্দকারকে অপহরণ ও গুমের মিথ্যে অভিযোগে থানায় মামলা করেন।
মামলায় ওই গ্রামের বাবু মণ্ডল, মো. হিমু মণ্ডল, আমির মণ্ডল ও ইমান মণ্ডলকে আসামি করা হয়।
পুলিশ তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১৯৯০ সালে আদালত অভিযুক্তদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
গোলাম হোসেন র্যাবকে জানিয়েছেন, ওই চার ব্যক্তিকে শায়েস্তা করতে তার বাবা মিথ্যে মামলা সাজায়। তিনি দীর্ঘদিন গোপালগঞ্জ, ফরিদপুর, নাটোরসহ বিভিন্ন স্থানে চাকরি করেন।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ ফয়সল বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "গুম হওয়া গোলাম হোসেনের মিথ্যে মামলার কারণে চারটি পরিবার ধ্বংস হয়ে গেছে।"
আটককৃত গোলাম হোসেনকে শাহজাদপুর থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৪ ঘ.
bdnews24