ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় টাঙ্গাইলে আটক ২২ পলায়নপর বিডিআর সদস্যকে রাষ্ট্রদ্রোহিতা, হত্যা ও অগ্নিসংযোগের অভিযোগে লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ নিয়ে এ মামলায় মোট ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হলো।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আবদুর রহিম এই ২২ বিডিআর সদস্যকে গ্রেপ্তার দেখান।
টাঙ্গাইল কারাগার থেকে তাদের কেন্দ্রীয় কারাগারে পাঠানোরও নির্দেশ দিয়েছে আদালত।
গত ২৭ ফেব্র"য়ারি এই বিডিআর সদস্যরা টাঙ্গাইলে আটক হওয়ার পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
এই ২২ বিডিআর সদস্য হলেন- সিপাহী মো. রবিউল ইসলাম, সিপাহী মো. মজিবর রহমান, সিপাহী মোহাফেজ কাজী, সিপাহী মো. মিজান, সিপাহী মো. জালালউদ্দিন, সিপাহী মো. আলম আলী, সিপাহী শফিকুল ইসলাম, সিপাহী মো. শাজাহান, সিপাহী মো. আবুল হোসেন, সিপাহী মো. আবদুর রাজ্জাক, সিপাহী মো. সাজাহান আলী, সিপাহী মো. বুলবুল হোসেন, ল্যান্স নায়েক বাদশা আলম, সিপাহী মো. ইকবাল হোসেন, সিপাহী মো. মাসুদ রানা, সিপাহী মো. জিয়া, নায়েক মো. আবু সাঈদ, সিপাহী তারাপদ মন্ডল, সিপাহী জাহাঙ্গীর আলম, সহকারী নায়েক মো. আবুল কালাম, হাবিলদার প্রশিক্ষক মো. মমিন আলী ও সিপাহী মো. আব্দুর রশিদ।
এর আগে মঙ্গলবার উপ সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদসহ পাঁচ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
বাকিরা হলেন- ডিএডি মো. আব্দুর রহিম, হাবিলদার আজাদ আলী, নায়েক মো. ফিরোজ আহমেদ খান ও সিপাহী জাকির হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, টাঙ্গাইলে গ্রেপ্তার হওয়া এই বিডিআর সদস্যরা ঢাকার পিলখানার বিডিআর সদর দপ্তরে তাদের কমান্ডিং অফিসারদের বিনা অনুমতিতে অস্ত্রাগার ও গোলাবারুদ ভাণ্ডারের তালা ভেঙে জোর করে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরে তারা সেখানে হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়ে যায়।
এছাড়া সদরদপ্তর এলাকা থেকে উদ্ধার করা ১৭টি গ্রেনেড ধ্বংসেরও আবেদন জানান তিনি।
আদালত ওই অবিস্ফোরিত গ্রেনেড নষ্ট করার নির্দেশ দেয়।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/পিবি/এএল/এসকে/
bdnews24