ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম) -- প্রতিবন্ধকতা দূর করে উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে হুসেইন মুহাম্মদ এরশাদের জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ এ কথা জানান।
আইন মন্ত্রী বলেন, "আদালত থাকলেই বিচার কার্য হয় না। বেঞ্চ ও বারের মধ্যে নিবিড় সম্পর্ক থাকতে হয়। দক্ষ বিচারক ও আইনজীবী না থাকলে ন্যায় বিচার পাওয়া যাবে না।"
এই নোটিশ উত্থাপন করে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, "আমি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করে জনগণের দোরগোড়ায় নিয়ে যাই।"
তিনি আরো বলেন, "মহাজোট সরকার ক্ষমতায় আসার পর উপজেলা নির্বাচন হয়েছে। কিন্তু, দুঃখের বিষয় হলো প্রশাসন জনগণের দোরগোড়ায় গেলেও আদালত জনগণের দোরগোড়ায় যায়নি।"
এই প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, "ন্যায় বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকার সব ব্যবস্থা করবে। কিন্তু, এই মুহুর্তে উপজেলা পর্যায়ে আদালত করা যাবে না।"
আইনমন্ত্রী কারণ হিসাবে দক্ষ আইনজীবী, বিচারক ও লাইব্রেরির অভাবের কথা বলেন।
তিনি আরো বলেন, উপজেলা পর্যায়ে আদালত করতে হলে এক সাথে দেওয়ানী ও ফৌজদারী আদালতের জন্য বিচারক নিয়োগ দিতে হবে।"
তবে প্রতিবন্ধকতা দূর করে তা বাস্তবায়নের পরিকল্পনা সরকারের রয়েছে বলে তিনি জানান।
এসময় এরশাদকে উদ্দেশ করে স্পিকার আব্দুল হামিদ বলেন, "মাননীয় সদস্য আপনি বিভাগীয় পর্যায়ে আদালতের কথা বললেন না।"
এরশাদের নয় বছরের শাসনামলের মাঝামাঝি বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট স্থাপন করা হয়। পরে, আইনজীবীদের আন্দোলনের মুখে তা বাতিল হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এমএ/এসকে/২২৪৩ঘ.
bdnews24