বরিশাল, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে বরিশালের একটি আদালত।
জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ বুধবার এ রায় দেন।
এ সময় দণ্ডিত আসামি ইব্রাহীম খান আদালতে উপস্থিত ছিলেন। ইব্রাহীম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাজিদ খান গ্রামের হামিদ খানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানীয়ার মো. নাসির ব্যাপারীর মেয়ে মঞ্জুরা বেগমের সঙ্গে বাজিদ খান গ্রামের ইব্রাহীম খানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ইব্রাহীম স্ত্রীর ওপর যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন চালাতেন। ২০০৬ সালের ৩০ ডিসেম্বর মঞ্জুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
ঘটনার পরদিন এলাকার একটি বাড়ির পেছনের বাগান থেকে হাত-পা বাঁধা মঞ্জুরা বেগমের লাশ উদ্ধার করা হয়।
ওইদিনই মঞ্জুরার বাবা নাসির ব্যাপারী বাদী হয়ে স্বামী ইব্রাহিমের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২৩৫ঘ.
bdnews24