২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গ্রেপ্তার দুই বিডিআর জওয়ানকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

সাভারের নবীনগর বাসস্ট্যান্ড থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার দুই বিডিআর সদস্যকে সাত দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে পুলিশকে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকমকে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 04:05 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

সাভার, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- সাভারের নবীনগর বাসস্ট্যান্ড থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার দুই বিডিআর সদস্যকে সাত দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে পুলিশকে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকমকে একথা জানান। এ দুই বিডিআর সদস্য হলেন টাঙ্গাইল জেলার সদর থানার কাউলিপাড়া এলাকার জুয়েল মিয়া (২৩) ও খায়রুল ইসলাম (২২)। পিলখানা থেকে পালানোর সময় বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪ সদস্যরা ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে ৭২ জন বিডিআর সদস্যকে গ্রেপ্তার করে। এদের মধ্যে খায়রুল ও জুয়েলের কাছ থেকে কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয় যা বিডিআর সদরদপ্তরের সেনা কর্মকর্তাদের কোয়ার্টার থেকে লুণ্ঠিত বলে মনে করা হচ্ছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বুধবার আশুলিয়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। সন্ধ্যায় ওই দুই জওয়ানকে আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। এর আগে গত শুক্রবার ৫৪ ধারায় আদালতের মাধ্যমে ওই তাদের জেলহাজতে পাঠানো হয়। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২২০২ঘ.