মারুফ মল্লিক
বিডিনিউজ ২৪ ডটকম এনার্জি করসপনডেন্ট
ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম)-বেসরকারি উদ্যোগে বিবিয়ানায় ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রাক-যোগ্যতা যাচাই আবেদনের সময়সীমা আরও ৪৫দিন বাড়ানো হয়েছে।
বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সময় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে।
পাওয়ার সেলের মহাপরিচালক আবদুল জলিল বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, বিবিয়ানার জন্য ৪৫ দিন সময় বাড়ানো হয়েছে। এর আগে ৮ মার্চের মধ্যে প্রাক-যোগ্যতা যাচাইয়ের আবেদন জমা দিতে বলা হয়েছিল।
এদিকে বেসরকারি উদ্যোগে সিরাজগঞ্জে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পুনঃদরপত্র প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে পাওয়ার সেলের একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েডিন্টফোর ডটকমকে জানিয়েছেন।
গত বছরের ডিসেম্বর মাসে বিদ্যুৎ বিভাগ বিবিয়ানা ও সিরাজগঞ্জে দু'টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য পুনঃদরপত্র আহ্বানের নির্দেশ দেওয়া হয়। ২০০৭ সালের শেষ দিকে বিদ্যুৎ কেন্দ্র দু'টি স্থাপনের জন্য দরপত্র প্রক্রিয়া শুরু হয়।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের বিবিয়ানায় ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য একমাত্র দরদাতা প্রতিষ্ঠান ছিল মালয়েশিয়া ভিত্তিক কোম্পানি পাওয়ারটেক কনসোর্টিয়াম।
উচ্চমূল্যের কারণে গত বছরের নভেম্বর মাসে পাওয়ারটেকের প্রস্তাব বাতিল করে দেয় ক্রয় সংক্রাস্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
পাওয়ারটেক প্রতি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুৎ বিক্রির জন্য ৪ দশমিক ৩৯৯ সেন্ট প্রস্তাব করেছিল। প্রথমে ৪ দশমিক ৫৩ সেন্ট প্রস্তাব করে পাওয়ারটেক।
বিবিয়ানা ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিকভাবে ৪টি প্রতিষ্ঠানকে কারিগরিভাবে নির্বাচিত করে পাওয়ার সেল।
এর মধ্যে কেবলমাত্র পাওয়ারটেক কসসোর্টিয়াম চূড়ান্ত পর্যায়ে দরপ্রস্তাব দাখিল করে। কনসোর্টিয়ামের অপর দুই অংশীদার ছিল দক্ষিণ কোরিয়ার সরকারি প্রতিষ্ঠান কোরিয়ান ইলেক্টিক পাওয়ার কোম্পানি (কেপকো) এবং জার্মানির সিমেন্স।
সিরাজগঞ্জ-৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চূড়ান্ত দরপত্র জমা দেওয়ার সময় ছিল এ বছরের ৩১ জানুয়ারি। তবে প্রাক দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে একমাত্র পাওয়ারটেক ছাড়া অন্যান্য কোম্পানি দরপত্রে অংশ না নেওয়ার কথা আগেই পাওয়ার সেলকে জানিয়ে দেয়।
বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ ২৪ডটকমকে বলেন, দু'টি বিদ্যুৎ কেন্দ্রের জন্যই একমাত্র দরদাতা প্রতিষ্ঠান হতো পাওয়ারটেক, যদি শেষ পর্যন্ত সিরাজগঞ্জের দরপত্র জমা দিতে পারতো। সে হিসেবে সিরাজগঞ্জের ক্ষেত্রেও বিবিয়ানার মতো অবস্থা হওয়ার সম্ভাবনা ছিল। তাই ডিসেম্বর মাসে বিবিয়ানার সঙ্গে সিরাজগঞ্জের জন্যও নতুন দরপত্র আহ্বান করতে বলা হয়।
এইএস করপোরেশন (ইউএসএ), পাওয়ারটেক বেরহাড (মালয়েশিয়া) ও কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশন (দক্ষিণ কোরিয়া) সিরাজগঞ্জ-৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রাক বাছাইয়ে মনোনীত হয়েছিল।
বিডিনিউজ ২৪ ডটকম /এমআরএফ/এইচএ/২১৫৯ঘ.
bdnews24