ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম)-- কোরাম ছাড়াই বুধবার সংসদ অধিবেশন শেষ হয়েছে। রাত সোয়া ৯টায় যখন অধিবেশন শেষ হয় তখন উপস্থিত ছিলেন মাত্র ৫২ সাংসদ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছে।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এ সময় সংসদ অধিবেশন পরিচালনা করছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক আলী আশরাফ।
রাষ্ট্রপতির বক্তৃতার ওপর ধন্যবাদ জ্ঞাপনের বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিচ্ছিলেন আব্দুল বাতেন।
নতুন সংসদের অধিবেশন বসার পর বিদায়ী রাষ্ট্রপতির প্রথাগত ভাষণের কোনো প্রশংসাই করেননি কেউ। রাষ্ট্রপতি বিএনপি মনোনীত হলেও সে দলটিও তার সমালোচনা করেছে।
আব্দুল বাতেন বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক ও বিরোধী দলীয় সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি স্পিকারের চেয়ারে বসা আলী আশরাফের উদ্দেশে বলেন, সংসদে কোরাম নেই।
ন্যুনতম ৬০ জন সদস্য উপস্থিত না থাকলে কোরাম হয় না।
বিরোধী দলীয় সদস্যদের এ কথার পর সাংবাদিক গ্যালারি থেকে গুণে দেখা গেছে অধিবেশন কক্ষে সরকার ও বিরোধী দলীয় মোট ৫০ জন সাংসদ রয়েছেন।
পরে বিরোধী দলীয় সাংসদরা হইচই শুরু করলে তাড়াহুড়ো করে আরও দু'জন সাংসদ অধিবেশন কক্ষে ঢোকেন। এ সময় বিরোধী দলীয় সাংসদরা বলতে থাকেন, এখনও কোরাম হয়নি।
সরকার দলীয় চিফ হুইপ মন্তব্য করেন "অপজিশন নিউজ করানোর জন্য এসব করছেন।"
তিনি আলী আশরাফের উদ্দেশে বলেন, "আপনি অধিবেশন চালান। কোরাম আছে।"
কিছু পরে খন্দকার আব্দুল বাতেনের উদ্দেশে আলী আশরাফ বলেন, "মাননীয় সদস্য আপনি বক্তব্য শেষ করুন। কোরাম নেই। আমাকে অধিবেশন মুলতবি করতে হবে।"
এ সময় বিরোধীদলের সর্বমোট চারজন সাংসদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/ডিডি/এসকে/২১৫৫ঘ.
bdnews24