২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাহক প্রতিনিধিরা ডিপিডিসি-র বিদ্যুতের দাম বাড়ানোর বিপক্ষে

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে গ্রাহক প্রতিনিধিরা বলেছেন, 'সিস্টেম লস' কমিয়ে আনা হলে দাম বাড়ানোর প্রয়োজন হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে গ্রাহক প্রতিনিধিরা বলেছেন, 'সিস্টেম লস' কমিয়ে আনা হলে দাম বাড়ানোর প্রয়োজন হবে না। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) অনুষ্ঠিত গণ শুনানিতে গ্রাহকরা প্রতিষ্ঠানটির প্রস্তাবের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন। গত নভেম্বরে বিদ্যুতের দাম ১০ থেকে ১৪ দশমিক ৭৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডিসি। এ বিষয়ে বিইআরসি'র চেয়ারম্যান গোলাম রহমান বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "আমরা গ্রাহক ও ডিপিডিসি দুই পক্ষেরই অভিমত শুনেছি। মুক্ত আলোচনার ৯০ কার্যদিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।" এ ব্যাপারে গত ১১ জানুয়ারি মুক্ত আলোচনা হয়েছিল বলেও জানান তিনি। বুধবার গণ শুনানিতে অংশ এফবিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই ও ক্যাবের প্রতিনিধিরা অংশ নেন। গ্রাহকদের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে সিস্টেম লস ২৩ শতাংশ । এর পরিমাণ ১৫ থেকে ১৬ শতাংশে কমিয়ে আনা সম্ভব হলে দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। অন্যদিকে ডিপিডিসি'র পক্ষ থেকে বলা হয়, ডেসাকে ডিপিডিসিতে রূপান্তরের কারণে সব দায় তাদের কাঁধে পড়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মূল্য সমন্বয়ের কারণে নতুন এই কোম্পানির অতিরিক্ত ১৫ কোটি টাকা পরিশোধ করতে হবে। এ অবস্থায় তারা কিছু সুবিধা প্রত্যাশা করছে। এছাড়া ইতোমধ্যে অন্য আরেকটি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ঢাকা বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানিও (ডেসকো)দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই দুটি কোম্পানি ঢাকা ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/এমআরএফ/এএল/এসকে/২০৪৬ঘ.