ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ২৪ডটকম)- বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে থাকা জনপ্রশাসনের ২৩ যুগ্ম-সচিবকে পদায়ন করা হয়েছে। এ যুগ্ম-সচিবদের মধ্যে ২১ জনই সদ্য পদোন্নতি পেয়ে ওএসডি ছিলেন। পদোন্নতির পর তারা প্রথম পদায়ন পেলেন।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বুধবার এসব নিয়োগ দেওয়া হয়।
এছাড়া রাষ্ট্রপতির সহকারি একান্ত সচিব-১ নিয়োগ করা হয়েছে।
পদায়ন পাওয়া ওএসডি যুগ্ম-সচিবদের মধ্যে খন্দকার আনোয়ারুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগে, শাহজাহান আলী মোল্লাকে স্থানীয় সরকার বিভাগে, ইকবাল খান চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, বিজয় ভট্টাচার্যকে অর্থ বিভাগে, ডা. আব্দুল জলিল ও রেবেকা সুলতানাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে, মুহাম্মদ শামসুল কিবরিয়াকে বিদ্যুৎ বিভাগে, নাছিমা বেগমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, ভীমচরণ রায়কে জাতীয় সংসদ সচিবালয়ে এবং জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাসকে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
ওএসডি অমিয় কুমার ঘোষকে পাট অধিদপ্তরের পরিচালক, ফজলুর রহমানকে কারা অধিদপ্তর, কুমিল্লার উপ-মহা কারা পরিদর্শক (ডিআইজি প্রিজন), নূরুল হুদাকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) পরিচালক, এসএম আব্দুল ওহাব মিয়াকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক, নাজমুল হাইকে ট্যারিফ কমিশনের যুগ্ম-প্রধান, শিরীন আখতারকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকল্পের প্রকল্প পরিচালক, মহিউদ্দিন আহমেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ইমপ্যাক্ট প্রকল্পে প্রকল্প পরিচালক ও ওসমান আমিনকে অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব ড. নুরুন্নবী মৃধাকে বেসরকারি ইপিজেড-এ বোর্ড অব গভর্ণরস-এর নির্বাহী সেলের মহাপরিচালক ও নূর হোসেন তালুকদারকে গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক প্রকাশ চন্দ্র দাসকে অর্থ বিভাগের যুগ্ম-সচিব হিসেবে বদলি এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব লোকমান হাকিম তালুকদারকে শ্রম পরিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবিএম আব্দুস সাত্তারকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
রাষ্ট্রপতির সহকারি একান্ত সচিব-১ পদে নিয়োগ পেলেন কিশোরগঞ্জের ভৈররপুর গ্রামের লুৎফর রহমান। তিনি সিনিয়র সহকারি সচিবের পদমর্যাদায় রাষ্ট্রপতির মেয়াদকালে অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ২৪ডটকম/এমকে/এইচএ/১৯২২ঘ.
bdnews24