২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ৪০ ভরি স্বর্ণালঙ্কারসহ বিডিআর সদস্যের বাবা গ্রেপ্তার

র‌্যাব বগুড়ায় অভিযান চালিয়ে ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও তিন লাখ টাকা উদ্ধার করেছে যা বিডিআর বিদ্রোহের সময় পিলখানা থেকে লুট করা হয়েছিল বলে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 01:36 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

বগুড়া, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- র‌্যাব বগুড়ায় অভিযান চালিয়ে ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও তিন লাখ টাকা উদ্ধার করেছে যা বিডিআর বিদ্রোহের সময় পিলখানা থেকে লুট করা হয়েছিল বলে জানানো হয়েছে। কথিত লুণ্ঠিত মাল রাখার অভিযোগে এক বিডিআর সদস্যের বাবাকে গ্রেপ্তারও করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আজিজার রহমান নান্নু। তিনি বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের বিদুপাড়া গ্রামের বাসিন্দা। তার ছেলে আব্দুর রহমান নিলু বিডিআর এর ২৪ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী। বগুড়া র‌্যাব-১২'র অধিনায়ক মেজর আবু নসর মো. মোস্তফা সাংবাদিকদের বলেন, পিলখানা ট্র্যাজেডির দিন সিপাহী মো. আব্দুর রহমান তার বাবাকে হাজারিবাগ এলাকায় নিজের ভাড়া বাসায় যাওয়ার জন্য খবর দেন এবং সেখানে লুণ্ঠিত মূল্যবান এসব জিনিষ মালামাল ও টাকা তার কাছে তুলে দেন। আজিজার রহমানের কাছে একটি সিমেন্স মোবাইল সেট, একটি হাতঘড়ি ও একটি শ্যাম্পুর বোতলও পাওয়া গেছে। মেজর আবু নসর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সদরের চালিতাবাড়ী থেকে আজিজারকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযান চালিয়ে চালিতাবাড়ী উত্তর পাড়ার একটি ধান ক্ষেতের মাটির ঢিবির নিচ থেকে অলঙ্কার ও টাকা উদ্ধার করা হয়। র‌্যাব কর্মকর্তা বলেন, লুণ্ঠিত জিনিসপত্রের মধ্যে থেকে আজিজার তার জামাই আব্দুল আলিমকে একটি স্বর্ণের চেইন, ঘড়ি ও মোবাইল ফোন দিয়েছিলেন। সেগুলো আলিমের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। তবে আলিম পলাতক রয়েছেন। আজিজার নিজে সাংবাদিকদের জানান, পিলখানা ঘটনার পর দিন ছেলে নিলুর সঙ্গে দেখা করতে জামাই আব্দুল আলিমকে নিয়ে তিনি তার বাসায় যান। সেখানে তার ছেলে ও ছেলের ব্যাচমেট জাহাঙ্গীর নামের আরেক বিডিআর সদস্যের সঙ্গে তাদের দেখা হয়। আজিজার বলেন, এ সময় নিলু একটি ব্যাগ তার হাতে তুলে দিয়ে তা বাড়ি নিয়ে যেতে বলে। পরে নিলু ও জাহাঙ্গীর ব্যাগসহ তাদেরকে বাসে তুলে দেয়। বাড়িতে ফিরে তিনি সেখান থেকে জামাইকে একটি স্বর্ণের চেন, মোবাইল ও ঘড়ি উপহার দেন। আজিজার বলেন, গত মঙ্গলবার র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি ব্যাগটি নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান এবং তা ধানক্ষেতে মাটির নিচে লুকিয়ে রাখেন। আজিজার রহমান আরো জানান, গত মঙ্গলবার ছেলের সঙ্গে তার মোবাইলে কথা হয়েছে। চাকুরিতে যোগ দেওয়ার জন্য সে পিলখানায় রয়েছে। বাবার তথ্য অনুযায়ী প্রায় সাত বছর আগে আব্দুর রহমান নিলু বিডিআরে যোগ দেন। র‌্যাব-১২ অধিনায়ক মেজর মোস্তফা জানান, এ ব্যাপারে ঢাকার লালবাগ থানায় মামলা হয়েছে বলে গ্রেপ্তারকৃতকে ঢাকায় পাঠানো হবে। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/১৯৩৬ঘ.