ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনা দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মনে করছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে কয়েকটি নির্মাণ প্রতিষ্ঠানের একটি প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, "যে কারণেই সন্ত্রাসীরা, বিদ্রোহীরা এ ঘটনা ঘটাক না কেন তাতে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে না।"
ফারুক খান বলেন, "নারকীয় ঘটনা ঘটার এক সপ্তাহ পরই আন্তর্জাতিক মেলা হচ্ছে। এ থেকে প্রমাণিত হয়, যাই ঘটুক না কেন বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে।"
তিন দিনের এ প্রদর্শনীতে বাংলাদেশের ২৩টি এবং ভারতের তিনটি নির্মাণ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
বাংলাদেশে নির্মাণ প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন, "৩৭ বছর আগে ঢাকা শহর এ রকম ছিল না। নির্মাণ প্রতিষ্ঠানগুলোর কারণে আজ কত অবকাঠামো গড়ে উঠেছে।"
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এশিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন প্যাসিফিক কনট্রাকটরস অ্যাসোসিয়েশন যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এশিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন প্যাসিফিক কনট্রাকটরস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম, মহাসচিব মীর জহির হোসেন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সভাপতি শেখ মো. রফিকুল ইসলাম।
৫ থেকে ৭ মার্চের এ প্রদর্শনীতে ১৭টি দেশের ২৭০ জন নির্মাণ বিশেষজ্ঞ ও উদ্যোক্তা অংশ নিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।।
বিডিনিউজ ২৪ ডটকম/আরবি/এজে/জিএনএ/১৬০৩ ঘ.
bdnews24