২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা ছাড়া সমাধানের বিকল্প ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিডিআর সদরদপ্তরে সেনাবাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্য ও বেসামরিক নাগরিক উদ্ধারে আলোচনার মাধ্যমে সমাধান ছাড়া কোনো বিকল্প ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 08:21 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিডিআর সদরদপ্তরে সেনাবাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্য ও বেসামরিক নাগরিক উদ্ধারে আলোচনার মাধ্যমে সমাধান ছাড়া কোনো বিকল্প ছিল না। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ইনগিব ইয়োগস্টুফ্রিং বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষৎ করতে এলে তিনি একথা বলেন বলে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান। প্রেস সচিব জানান, নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী বলেছেন, "সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ঘটনায় দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। যা পূরণ হওয়ার নয়।" তিনি বলেন, "বিডিআর সদরদপ্তরে সেনাবাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্য ও বেসামরিক নাগরিক উদ্ধারে আলোচনার মাধ্যমে সমাধান ছাড়া কোনো বিকল্প ছিল না।" এ সময় বিডিআরের ঘটনার দ্রুততম ও শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন নরওয়ের রাষ্ট্রদূত। প্রেস সচিব সাংবাদিকদের আরো জানান, নরওয়ের রাষ্ট্রদূত বিডিআর সদরদপ্তরে সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার দায়িত্ব গ্রহণকে অভিনন্দন জানিয়ে নরওয়ের প্রেসিডেন্টের পাঠানো একটি অভিনন্দন বার্তা এ সময় তার কাছে হস্তান্তর করেন নরওয়ের রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার মান উন্নয়ন এবং সর্বক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয় বলেও জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। তিনি জানান, বাংলাদেশে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও প্রসারে নরওয়ে সরকারের সহযোগিতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১৪২৯ ঘ.