সিরাজগঞ্জ, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- সিরাজগঞ্জে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় বুধবার আট জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
যমুনা সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন মোস্তফা বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "চট্টগ্রাম থেকে বগুড়াগামী লবণ বোঝাই একটি ট্রাক সকাল ৬টার দিকে যমুনা সেতুর পশ্চিম পাড়ের সংযোগ সড়ক কামারখন্দ উপজেলার বাগবাড়ী ৯নং ব্রিজের উত্তরপাশে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে লবণের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ট্রাক আরোহী সাত জন নিহত এবং কমপক্ষে ছয় জন আহত হয়।"
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পর আরেকজন মারা যায়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বগুড়ার শেরপুর উপজেলার ঝাঁঝিড়া গ্রামের ইউসুফ (৩০)।
অপর হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপর দুর্ঘটনা সম্পর্কে ওসি রওশন মোস্তফা জানান, সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের নলকা নামক স্থানে সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পাঁচ বাসযাত্রী আহত হয়।
তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধ/এফএফ/জিএনএ/১১০৫ ঘ.
bdnews24