২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে আদিবাসী তরুণী ধর্ষণের অভিযোগ

নগরীতে এক তরুণীকে অপহরণের পর জিম্মি করে গণ ধর্ষণের অভিযোগ উঠেছে চার পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার ধর্ষিত তরুণী চট্টগ্রাম জেলা পুলিশের বিরুদ্ধে নগরীর হালিশহর থানায় অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- নগরীতে এক তরুণীকে অপহরণের পর জিম্মি করে গণ ধর্ষণের অভিযোগ উঠেছে চার পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার ধর্ষিত তরুণী চট্টগ্রাম জেলা পুলিশের বিরুদ্ধে নগরীর হালিশহর থানায় অভিযোগ করেছেন। অভিযুক্ত চার পুলিশ সদস্য হলেন- প্রসাদ গারো, সুমন চাকমা, সঞ্জয় চাকমা ও রবি চাকমা। ধর্ষণের শিকার আদিবাসী তরুণী বর্তমানে হালিশহর থানা পুলিশের হেফাজতে রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী ধর্ষিত আদিবাসী তরুণীর অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, অভিযুক্ত চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করতে জেলা পুলিশ লাইনে অভিযান চালানো হচ্ছে। কমিশনার জানান, ধর্ষণের শিকার আদিবাসী তরুণী অভিযোগ করেছে শনিবার বিকালে নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে পুলিশ কনস্টেবল প্রসাদ গারো ও সুমন চাকমা জোর করে তুলে নিয়ে যায়। তারা তাকে হালিশহর থানার ঈদগাঁও এলাকার শামসু কোম্পানীর মালিকানাধীন ছয়তলা ভবনের একটি বাসায় আটকে রাখে। তরুণীর অভিযোগ, আটকে রেখে ওই দুই পুলিশ তাকে নির্যাতন করে। এসময় ঐ দুই পুলিশ সদস্যের সঙ্গে সঞ্জয় চাকমা ও রবি চাকমা নামে অন্য দুই পুলিশ সদস্য যোগ দেয়। রোববার তাদের সঙ্গে যোগ দেয় সুনীতি, উদয়ন ও বসু কুমার চাকমাসহ আরো তিন জন। তবে এ তিনজন পুলিশ নয় বলে কমিশনার জানান। পুলিশ কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী আরও জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যরা সবাই নগরীর ছোটপুল এলাকার জেলা পুলিশ লাইনের সদস্য। জেলা পুলিশকে তাদের নামের তালিকা দেওয়া হয়েছে। অন্য তিনজনকে ধরতেও অভিযান চলছে বলে তিনি উল্লেখ করেন। আদিবাসী তরুণীটি (১৭) রাঙ্গুনিয়া উপজেলার বাঙ্গালহালিয়া গ্রাম থেকে মামার সঙ্গে চট্টগ্রাম শহরে আসেন। বিষয়টি অবগত আছেন উল্লেখ করে জেলা পুলিশ সুপার কামরুল হাসান বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "পুরো ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে। " বিডিনিউজ ২৪ ডটকম/এমসি/এসকে/২১১৮ঘ.