২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটির আশাবাদ

বিডিআর বিদ্রোহের কারণ তদন্ত ও জড়িতদের চিহ্নিত করে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন প্রকাশের আশা প্রকাশ করেছেন পুনর্গঠিত তদন্ত কমিটির প্রধান সাবেক সচিব আনিসুজ্জামান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 01:01 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের কারণ তদন্ত ও জড়িতদের চিহ্নিত করে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন প্রকাশের আশা প্রকাশ করেছেন পুনর্গঠিত তদন্ত কমিটির প্রধান সাবেক সচিব আনিসুজ্জামান খান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুনর্গঠিত তদন্ত কমিটির প্রথম বৈঠক শেষে মঙ্গলবার তিনি সাংবাদিকদের একথা বলেন। আনিসুজ্জামান খান বলেন, "আজ কমিটির প্রথম বৈঠক হলো। আমরা আশা করছি সাতদিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে পারবো।" ঘটনার এতদিন পর প্রকৃত তথ্য বের করা সম্ভব হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রকৃত ঘটনা খুঁজে বের করা সম্ভব হবে।" অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব গোলাম হোসেনের কক্ষে পুনর্গঠিত ১১ সদস্যের তদন্ত কমিটির এ বৈঠক সকাল ১১টায় শুরু হয়ে টানা দুপুর ২টা পর্যন্ত চলে। বৈঠকে অতিরিক্ত সচিব গোলাম হোসেন, বিডিআর-এর নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মইনুল হোসেন, আইন সচিব কাজী হাবিবুল আউয়াল, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) নব বিক্রম ত্রিপুরাসহ কমিটির ১১ জন সদস্যই উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচিত বিষয় সম্পর্কে কমিটির সভাপতি আনিসুজ্জামান বলেন, "প্রথম বৈঠকে ঘটনার তদন্তের ব্যাপারে প্রাথমিক আলাপ আলোচনা করেছি।" তথ্য সহায়তা চেয়েছে সরকার ২৫ ফেব্র"য়ারি ঘটনার প্রত্যক্ষদর্শী বা ঘটনার বিষয়ে জানেন এমন ব্যক্তিদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সক্রান্ত তথ্য বাংলাদেশ সচিবালয়ের ২ নং গেটে রাখা নির্ধারিত বাক্সে লিখিত আকারে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তথ্য প্রদানকারীকে তার নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর দিতেও অনুরোধ করা হয়েছে। বিডিনিউজ২৪ডটকম/এমকে/এএল/এসকে/১৮৫৭ঘ.