২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে অপহরণের পর বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতা আরশেদ আলীকে (৪৬) অপহরণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

মেহেরপুর, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতা আরশেদ আলীকে (৪৬) অপহরণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে সীমান্তবর্তী শ্যাওড়াতলা গ্রামের একটি মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত আরশেদ আলী একই গ্রামের জবেদ আলীর ছেলে। তিনি নলকূপের মাধ্যমে সেচ দেওয়ার ব্যবসা করতেন। তিনি উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য ছিলেন। গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবলু অভিযোগ করেন, রাজনৈতিক কারণে প্রতিপক্ষরা আরশেদকে অপহরণের পর হত্যা করেছে। আরশেদের পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত ২টার দিকে ৬/৭ জন সশস্ত্র সন্ত্রাসী তার বাড়ির দরজায় চাচা, চাচা বলে ডাক দিলে ঘুম ঘুম চোখে তিনি দরজা খুলে দেন। দরজা খোলার পর সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যায়। মঙ্গলবার সকালে সীমান্তের ১৪২ নম্বর সাব পিলারের কাছে বাংলাদেশি কৃষক হাফিজুদ্দিনের গমের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকজনের ধারণা, আরশেদ সন্ত্রাসীদের চিনতে পেরেছিলেন। গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আরশাদ ১৫ বছর আগে ভারতের মরুটিয়া থানার ব্রজনাথপুর গ্রাম থেকে বাংলাদেশ চলে আসেন এবং শ্যাওড়াতলা গ্রামে বসবাস করতে থাকেন। ভারতে তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিএম এর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এলাকার কারো ইন্ধনে 'ভারতীয় খুনীরা' এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে তারা ধারণা করছেন। এসআই মুরাদ জানান, আরশেদকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৩ ঘ.