২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে ছেলে হত্যার বিচার চেয়ে ফের মামলা করেছেন নেকবানু

মুক্তিযুদ্ধের সময় ছেলেকে হত্যার অভিযোগে বগুড়ার আলোচিত ব্যবসায়ী ওসমান গণি ওরফে ওসমান বিহারীর বিরুদ্ধে আবারও মামলা করেছেন নেকবানু বেওয়া। গত বছর তিনি একই অভিযোগে ওসমান বিহারী, তার দুই ছেলে ও ভাতিজার বিরুদ্ধে মামলা করেছিলেন। ওই মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 10:44 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

বগুড়া, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - মুক্তিযুদ্ধের সময় ছেলেকে হত্যার অভিযোগে বগুড়ার আলোচিত ব্যবসায়ী ওসমান গণি ওরফে ওসমান বিহারীর বিরুদ্ধে আবারও মামলা করেছেন নেকবানু বেওয়া। গত বছর তিনি একই অভিযোগে ওসমান বিহারী, তার দুই ছেলে ও ভাতিজার বিরুদ্ধে মামলা করেছিলেন। ওই মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। মঙ্গলবার বগুড়ার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে শহরের চেলোপাড়ার বাসিন্দা নেকবানু মামলাটি করেন। হাকিম মো. হাসানুজ্জামান মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামিরা হলেন- ওসমান বিহারীর দুই ছেলে আসলাম হোসেন ও ইকবাল হোসেন এবং ভাতিজা আনোয়ার হোসেন। গত বছরের ১৭ এপ্রিল ওসমান বিহারীর দুই মেয়ে শবনব খান, জেনিফার ও ছেলে তারেক হাসান পাপ্পু বাবার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন। তখন ঘটনাটি ব্যাপক আলোচিত হয়। সংবাদ সম্মেলনের পর ওই বছরের ৬ মে বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার প্রয়াত আলিমুদ্দিন শেখের স্ত্রী নেকবানু বেওয়া (৬০) মুক্তিযুদ্ধের সময় তার ছেলে গুলজার হোসেনকে হত্যার অভিযোগে এ চারজনকে আসামি করে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেছিলেন। আলামতের অভাব এবং প্রত্যক্ষদর্শী না থাকার কারণ দেখিয়ে ওই বছরের ১৪ জুন সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। সদর থানার বর্তমান ওসি আহসান হাবিব বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "আমি আদালতের আদেশের কাগজ এখনও পাইনি। তবে মামলা হওয়ার বিষয়টি শুনেছি।" একই অভিযোগে আবারও মামলা হওয়ার বিষয়ে তিনি বলেন, "কয়বার মামলা হলো সেটা আমার বিবেচ্য নয়। আদালত আদেশ দিলে নিয়মানুযায়ী সেটা আমাকে পালন করতে হবে।" মামলার এজাহারে বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৪ মে স্বাধীনতা বিরোধী ওসমান বিহারীর নেতৃত্বে তার তিন সহযোগী শহরের মোমিন রেডিও হাউসে হামলা চালায় এবং লুটপাট করে। এক পর্যায়ে তারা রেডিও হাউসের মালিক মমিনকে গুলি করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা ওই দোকানের কর্মচারি ১৬ বছর বয়সী গুলজার হোসেনকে গুলি করে। এতে সে ঘটনাস্থলে মারা যায়। মামলার বাদীয় নেকবানু বেওয়া বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "প্রথম মামলা বাতিল হয়ে গেলেও সন্তান হত্যার বিচার চেয়ে যুদ্ধাপরাধী ওসমান বিহারীর বিরুদ্ধে আবারও মামলা করেছি।" তার আইনজীবি মো. আজাদ তালুকদার বলেন, "মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য আদালত সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে। আশা করি এবার সঠিক বিচার পাওয়া যাবে।" এ ব্যাপারে ওসমান বিহারীর বলেন, "আমি কখনও যুদ্ধপরাধী ছিলাম না। আর আমি গুলজার বা নেকবানু নামের কাউকে চিনি না।" গত বছর সংবাদ সম্মেলন করে তার তিন ছেলে-মেয়ে দাবি করেছিলেন, তাদের বাবা ওসমান বিহারী বগুড়ার প্রথম সারির রাজাকার। পাকিস্তানি হানাদারদের সহায়তাকারী, বাঙালি হত্যাকারী, নারীর ইজ্জত হরণকারী ও লুটেরা হিসেবে অভিযুক্ত করে তার বিচার চেয়েছিলেন ছেলে-মেয়েরা। এদিকে নতুন করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি ওঠায় এবং রাজশাহীর মোহনপুরে যুদ্ধাপরাধের অভিযোগে দুজন গ্রেপ্তার হওয়ায় ওসমান বিহারীর ওই তিন ছেলে-মেয়ে আবারও বাবার বিচার চেয়েছেন। ওসমান বিহারীরর ছেলে বগুড়া যুদ্ধাপরাধী বিচার বাস্তবায়ন কমিটির আহবায়ক তারেক হাসান পাপ্পু বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "এখন সময় এসেছে। বাবা হলেও আমি চাই যুদ্ধাপরাধের অভিযোগে ওসমান গণির বিচার হোক। তার বিচারের দাবিতে অচিরেই মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।" বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৯ ঘ.