চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- চট্টগ্রামের কালুরঘাট রেল সেতুর রেলিং ভেঙে একটি ট্রাক নিচে পড়ে গেলে চালক নিহত ও হেল্পার আহত হয়েছেন।
নিহত চালকের নাম আবদুল কুদ্দুস (৩৬)। আহত হয়েছেন হেলপার মহিউদ্দিন শেখ (৩০)।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। কয়লাবোঝাই ট্রাকটি চুয়াডাঙ্গা থেকে দক্ষিণ চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
কুদ্দুস চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার পিরপুরের কুতুবপুর এলাকার দুখু মিয়ার ছেলে। হেলপার মহিউদ্দিন শেখের বাড়িও একই এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চাঁন্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, বিকট শব্দে সেতুর রেলিং ভেঙে ট্রাকটি কর্ণফুলী নদীর তীরের কাছে পড়ে যায়। আশপাশের লোকজন ট্রাকের চালককে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় তাকে জীবিত বের করা যায়নি।
ট্রাকটিতে ২০ টনের বেশি কয়লা ছিল বলেও জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এসকে/২৩০৩ঘ.
bdnews24