ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম)--দণ্ডপ্রাপ্ত পলাতক বিশিষ্ট ব্যক্তিদের জামিন ও মামলা বাতিলের আবেদনের ওপর হাইকোর্ট সোমবার দ্বিধাবিভক্ত রায় দিয়েছে।
পলাতক দণ্ডপ্রাপ্তরা উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারেন কিনা এ বিষয়ে দুই বিচারপতি দুই মত দিয়েছেন।
রায় দেওয়ার সময় বার বার বাধা পেয়ে একজন বিচারপতি এজলাস ত্যাগ করে খাস কামরায় চলে যান।
হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক পলাতক বিশিষ্ট দণ্ডপ্রাপ্তদের আবেদন বিবেচনাধীন রাখেন। তিনি আট সপ্তাহের মধ্যে তাদের নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
বিচারপতি মাহমুদুল হক বলেন, আত্মসমর্পণের পর নিু আদালত তাদের হেফাজতে নেবে। এই সময়ের মধ্যে তাদেরকে কারাগারে যেতে হবে না। নিু আদালত থেকে আসামীদের ওকালতনামায় স্বাক্ষর আনার পর হাইকোর্টে বিচারাধীন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
অন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আবেদনগুলো নিষ্পত্তি করে অবিলম্বে তাদেরকে নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। তিনি বলেন, এরপর নিয়ম অনুযায়ী কারাগারে গিয়ে আসামীরা নিু আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে আইনি প্রতিকার চাইতে পারবেন।
হাইকোর্টের এই দুইরকম রায় সাংবাদিকদের জানিয়ে সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম. ইনায়েতুর রহিম বলেন, "আদালত বিভক্ত রায় দেওয়ায় বিষয়টি এখন প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের কাছে পাঠানো হবে। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের কোন তৃতীয় বিচারপতির কাছে পাঠাবেন। সেখানেই বিষয়টির নিষ্পত্তি হবে।"
কী কারণে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এজলাস ত্যাগ করেন-এ প্রশ্নের জবাবে ইনায়েতুর রহিম বলেন, "আদালতের ভেতরের বিষয় ভেতরেই থাক।"
তবে নাম প্রকাশ করতে না চাওয়া উপস্থিত একজন আইনজীবী বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী রায় দেওয়ার সময় দণ্ডপ্রাপ্ত সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর কৌসুলি ব্যারিস্টার রফিক উল হক তার বক্তব্য রায়ে তুলে ধরতে বলেন।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী পাকিস্তানের উচ্চ আদালতের একটি নজির উপস্থাপন করে রায়ে বলেন, এ ধরণের ক্ষেত্রে নিু আদালতে আত্মসমর্পণ করতে হয়।
কিন্তু ব্যারিস্টার হক যুক্তি দেখান পাকিস্তানের উচ্চ আদালতের রায় আমাদের জন্য বাধ্যকর নয়। তিনি হাইকোর্ট রুলসের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন।
এ নিয়ে কৌসুলীর সঙ্গে কিছুক্ষণ বিতর্কের পর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এজলাস ত্যাগ করে খাস কামরায় চলে যান।
যেসব বিশিষ্ট ব্যক্তির জামিন ও মামলা বাতিলের আবেদনের ওপর হাইকোর্ট এই বিভক্ত রায় দিল তারা হলেন, সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মকবুল হোসেন, হাজী সেলিম, মো. মহিউদ্দিন, বিএনপি নেতা নাদিম মোস্তফা, বাবুল চৌধুরী, আবুল বাসার, আবু হানিফ পাটোয়ারী, সাবরিনা সুলতানা, আফরোজা সুলতানা, মাসুদুর রহমান ও মিজানুর রহমান।
তবে আওয়ামী লীগের সাবেক চীফ হুইপ আবুল হাসনাথ আবদুল্লাহ, এএসএম মোস্তফা রশিদী সুজা ও তার স্ত্রী খোদেজা রশিদী সুজার আবেদনগুলো উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট।
আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আমীর উল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও আবদুল বাসেত মজুমদার।
সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম. ইনায়েতুর রহিম।
বিডিনিউজ ২৪ ডটকম/এটি/এইচএ/এসকে/২১৪৯ঘ.
bdnews24