২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আবারও ব্যবসায়ী অপহরণ

নাটোরের সিংড়ায় আবারও এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। রোববার রাতে সিংড়া সদরের বাসায় ফেরার পথে অপহরণ করা হয় পেট্রোল পাম্পের মালিক সিরাজুল ইসলামকে (৫৫)। সোমবার বিকেল পর্যন্ত অপহৃত ব্যবসায়ীর কোন খোঁজ-খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 01:59 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

নাটোর, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - নাটোরের সিংড়ায় আবারও এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। রোববার রাতে সিংড়া সদরের বাসায় ফেরার পথে অপহরণ করা হয় পেট্রোল পাম্পের মালিক সিরাজুল ইসলামকে (৫৫)। সোমবার বিকেল পর্যন্ত অপহৃত ব্যবসায়ীর কোন খোঁজ-খবর পাওয়া যায়নি। এ নিয়ে গত তিন সপ্তাহে সিংড়ায় দুই ব্যবসায়ী ও এক শিশু অপহরণের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে সিংড়া বাজার এলাকার কলেজ শিক্ষক শীতল কুমার সরকারের সাত বছর বয়সী ছেলে স্বস্তিকে অপহরণ করা হয়। এ মাসের প্রথম দিকে সিংড়া বাজার এলাকা থেকে অপহৃত হন ব্যবসায়ী শুকদেব সাহা (৫৫) এবং তার আত্মীয় রবীন্দ্রনাথ সাহা (৫০)। এদের সবাইকে উদ্ধার করা হয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমি এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ইতোমধ্যে একটি অপহরণ চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বাকিদের ধরতে পুলিশ সচেষ্ট রয়েছে। তিনি জানান, রোববার সন্ধ্যায় সিংড়ার জামতলী পেট্রোল পাম্পের মালিক সিরাজুল ইসলাম পাম্প থেকে টাকা নিয়ে অটোরিকশায় করে সিংড়া সদরের বাসায় ফিরছিলেন। চৌগ্রামের কাছাকাছি আসার পর পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তার গাড়ির গতি রোধ করে। তারা নিজেদের পুলিশর অপরাধ তদন্ত বিভাগ -সিআইডি'র লোক পরিচয় দিয়ে সিরাজুলকে অটোরিকশা থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বগুড়ার দিকে চলে যায়। এ ব্যাপারে রাতেই সিরাজুলের ছেলে মিজানুর রহমান সিংড়া থানায় একটি জিডি করেছেন। এ মাসের প্রথম দিকে সিংড়া বাজার এলাকায় কয়েকজন নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে ব্যবসায়ী শুকদেব সাহা এবং তার আত্মীয় রবীন্দ্রনাথ সাহাকে অপহরণ করে। খবর পেয়ে নাটোর এবং বগুড়ার পুলিশ ঘটনার দেড় ঘণ্টা পর নন্দীগ্রাম উপজেলার কুন্দরহাট থেকে অপহরণকারী দেলোয়ার হোসেন, আলমগীর ও রুবেলকে আটক করে এবং অপহৃতদের উদ্ধার করে। এছাড়া গত সপ্তাহে কলেজ শিক্ষক শীতল কুমার সরকারের ছেলে স্বস্তি ক্লাস শেষে বাড়ি ফেরার পথে অপহৃত হয়। পরে মোবাইল ফোনে স্বস্তির বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে অপহরণকারীরা স্বস্তিকে নিয়ে সিংড়া থেকে পালানোর সময় তাকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারীদের আটক করা যায়নি। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.