২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভায় তথ্য, উপজেলা ও মানবাধিকার আইন অনুমোদন

মন্ত্রিসভার বৈঠকে সোমবার উপজেলা পরিষদ আইন ২০০৯, তথ্য অধিকার আইন ২০০৯, জাতীয় মানবাধিকার আইন ২০০৯ সহ ২০টি আইন অনুমোদন করা হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 12:44 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মন্ত্রিসভার বৈঠকে সোমবার উপজেলা পরিষদ আইন ২০০৯, তথ্য অধিকার আইন ২০০৯, জাতীয় মানবাধিকার আইন ২০০৯ সহ ২০টি আইন অনুমোদন করা হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান। (সংশোধিত) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য সচিব বলেন, "বৈঠকে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (সংশোধন অধ্যাদেশ ২০০৮) রহিত করে দ্য ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ সংশোধন ২০০৯ অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুমোদন করা হয়। এটির অনুমোদন দেওয়ার সময় শেখ হাসিনা বলেন, টিসিবির কর্মকাণ্ড আরো জোরদার করতে ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিত্য প্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে আমদানি করা হবে।" এছাড়া বৈঠকে বাংলাদেশ বিমান করপোরেশন সংশোধন-১ ২০০৯, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ সংশোধন করে উপজেলা পরিষদ আইন ২০০৯, বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড সংশোধন অ্যাক্ট ২০০৯, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ সংশোধন আইন ২০০৯, প্রস্তাবিত তথ্য অধিকার আইন ২০০৯, মোবাইল কোর্ট আইন ২০০৯, সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন ২০০৯, বাংলাদেশ ফ্ল্যাগ ভেসেল (প্রটেকশন) (সংশোধন) অ্যাক্ট ২০০৯, বাংলাদেশ শিল্প ব্যাংক সংশোধন অ্যাক্ট ২০০৯, দি প্রেসিডেন্ট (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেজ) সংশোধন অ্যাক্ট ২০০৯, ইসলামিক ইউনিভার্সিটি সংশোধন আইন ২০০৯, সুপ্রিম কোর্ট জাজেজ (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেজ) সংশোধন আইন ২০০৯, বাংলাদেশ ল'জ (রিভিশন অ্যান্ড ডিক্লারেশন) সংশোধন আইন ২০০৯, জাতীয় মানবাধিকার আইন ২০০৯, গ্রাম সরকার (রহিতকরণ) আইন ২০০৯, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর অনুমোদন দেওয়া হয়েছে বলেও তিনি জানান। আবুল কালাম আজাদ বলেন, "কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন) অ্যাক্ট ২০০৯ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে গ্রামীণ ব্যাংক (সংশোধন) অ্যাক্ট ২০০৯ কিছুটা সংশোধন করে পরবর্তী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে।" তিনি আরো বলেন, "ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ আইন উত্থাপনের সময় প্রধানমন্ত্রীকে বিদ্যুৎ সচিব নাসিরুদ্দিন আহমেদ জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে জাতীয় গ্রিডে ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।" আগামী জুন মাসের মধ্যে আরো সাতশ' মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলেও বিদ্যুৎ সচিব আশা প্রকাশ করেন। আগামী সেচ প্রকল্পে কৃষকরা যাতে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ পান সেজন্য বৈঠকে শেখ হাসিনা নির্দেশ দেন বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এইচএ/জিএনএ/১৭৪৯ঘ.