ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সরকার মানিলন্ডারিং ও সন্ত্রাস বিরোধী অধ্যাদেশকে আইন হিসেবে পাশ করবে।
রোববার বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার রবার্ট ম্যাকডুগালের সঙ্গে আলোচনার পর সাংাবাদিকদের তিনি কথা জানান।
এ সময় সেখানে আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম এবং কানাডার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (সিডা) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের মানিলন্ডারিং ও সন্ত্রাস বিরোধী অধ্যাদেশকে আইন হিসেবে পাশ করা হবে বলে উল্লেখ করে শফিক আহমেদ বলেন, সরকার যে ৫৪ টি অধ্যাদেশকে আইনে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সেগুলো যে এই অধিবেশনেই পাশ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সংবিধান অনুযায়ী, বিল আকারে উত্থাপনের পর স্পিকার তা আলোচনার জন্য গ্রহণ করতে পারেন।
কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয় পরিচালিত লিগ্যাল এইড প্রকল্পের মেয়াদ বাড়ানোর ব্যাপারে কানাডা সরকার প্রস্তাব দিয়েছে। এছাড়া আদালতের মামলা জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বাস্তবায়ন এবং জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার ব্যাপরেও তারা সহযোগিতা দিতে চেয়েছে।
আইন মন্ত্রণালয় পরিচালিত লিগ্যাল এইড প্রকল্পের মেয়াদ গত বছর শেষ হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে পাচার করা অবৈধ অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সরকার নিয়েছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার সহযোগিতা করছে।
আইন সচিবের পদত্যাগের দাবিতে বিচারকদের সংগঠনের ঘোষিত কর্মসূচি সম্পর্কে শফিক আহমেদ বলেন, "এটা অত্যন্ত অশোভন ব্যাপার। তারা কথা দিয়েছিলেন আইন সচিবের বিরুদ্ধে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করবেন না।"
আইন সচিব কাজী হাবিবুল আউয়ালকে দশদিনের মধ্যে অপসারণ না করা হলে শুক্রবার কালো ব্যাজ ধারণ ও কলম বিরতির কর্মসূচি ঘোষণা করে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
সংগঠনটি গত কয়েক মাস ধরে আইন সচিবের পদত্যাগ এবং তার জায়গায় বিচার ক্যাডার থেকে কর্মকর্তার নিয়োগ দেওয়ার দাবি করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিআর/এসকে/২৩৪৪ঘ.
bdnews24