২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাটকা সংরক্ষণ সপ্তাহ ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল

আগামী ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 05:50 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)- আগামী ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মৎস্য ও পশুসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সাংবাদিকদের বলেন, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে রোববার ইলিশ উন্নয়ন ও জাটকা সংরক্ষণ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় পর্যায়ে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হবে লক্ষীপুরে। কর্মসূচির মধ্যে আরো রয়েছে বিজ্ঞাপন প্রকাশ, ব্যানার-ফেস্টুন, সংবাদপত্রে ক্রোড়পত্র ও টিভিতে টক-শো, সড়ক র‌্যালি, বিভিন্ন আড়ৎ, মৎস্য অবতরণ কেন্দ্র ও বাজারে জাটকা ধরা বিরোধী প্রচারণা। মৎস্য ও পশুসম্পদমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহ আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা। আব্দুল লতিফ বলেন, গত কয়েক বছর ধরে দেশে ইলিশ মাছ রক্ষা এবং জাটকা ধরা বন্ধে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারো জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এ লক্ষ্যে পুরো মৌসুমে ১০টি জেলার জাটকা ধরে এমন ১ লাখ ৪৩ হাজার ২৫২টি মৎস্যজীবী পরিবারকে সহায়তা করার জন্য পাঁচ হাজার ৭৩০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মৎস্যজীবীদের সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের জন্য মোট চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে দুই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র চাঁদপুর সদর ও উত্তর মতলব উপজেলার জন্য। মন্ত্রী জানান, আনুষ্ঠানিকভাবে গত বছরের ১ নভেম্বর থেকে আগামী ৩১ মে পর্যন্ত জাটকা নিধন বন্ধ রয়েছে। এছাড়া আগামী মার্চ ও এপ্রিল মাসে সাতটি অভয়াশ্রমে সব ধরণের মাছ ধরা বন্ধ রাখা হবে। ফলে দেশের প্রায় দেড় লাখ মৎস্যজীবী পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে মৎস্যজীবীদের ক্ষতিপূরণ ও সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যস্বত্ত্বভোগীদের জন্য দেশের প্রান্তিক মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে মন্তব্য করে মন্ত্রী জানান, এজন্য প্রান্তিক মৎস্যজীবীদের রক্ষা করার কৌশল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য দেশের বিভিন্ন স্থানে সংশ্লিষ্টদের নিয়ে সেমিনারের আয়োজন করা হবে। বিডিনিউজ ২৪ ডটকম/এমকে/টিআর/২৩৪৯ঘ.