গাজীপুর, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয়ে শুক্রবার বিকেলে গ্রেনেড বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। টঙ্গীতে জঙ্গি গ্রেপ্তার ও গ্রেনেড উদ্ধারের ঘটনায় বিকেল ৫টার দিকে তাদের নিয়ে পুলিশের সংবাদ সম্মেলনের পরপরই ওই জঙ্গিদের একজন গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।
এঘটনার পর শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে দু'টি ইমপ্রোভাইজড বোমা, বিপুল পরিমাণ প্রচার সিডি ও বইসহ জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- মোহতাসিম ওরফে বশির ওরফে নাসির (২৮), ময়েজ (২৬) ও মিজান (২৫)। এদের মধ্যে মোহতাসিম জেএমবির প্রধান সমন্বয়কারী, ঢাকা বিভাগের সামরিক কমান্ডার ও একজন বোমা বিশেষজ্ঞ বলে দাবি করেছে র্যাব।
টঙ্গী সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের পর সবাই যখন চলে যাচ্ছিল তখন আটক জঙ্গিদের একজন হঠাৎ জটলার মধ্যে একটি গ্রেনেডের পিন খুলে দিয়ে বিস্ফোরণ ঘটায়।"
তিনি জানান, এতে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আব্দুর রশিদ এবং কয়েকজন সাংবাদিকসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- গাজীপুরের পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি'র এএসপি আব্দুল লতিফ ভুঁইয়া, জয়দেব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ, উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন, ওমর ফারুক ও মামুন, পুলিশের গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ, কনস্টেবল সজীব, নেয়ামত ও আইয়ুব, চ্যানেল আই-এর গাজীপুর প্রতিনিধি ফজলুল হক মোড়ল, এনটিভি'র নাসির আহমেদ, ফ্রিল্যান্স ফটো সাংবাদিক ডব্লিউ রহমান।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম খান জানান, আহতদের মধ্যে ১০জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে সাতজন পুলিশ এবং তিনজন সাংবাদিক রয়েছেন।
তিনি জানান, জয়দেবপুর থানার ওসি রশীদকে অ্যাপোলো হাসাপাতালে এবং বাকিদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপ-পরিদর্শক নাজমুল ইসলাম খান জানান, গ্রেনেড বিস্ফোরণে আহত জঙ্গি মামুনুর রশিদকে গাজীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, সকালে গাজীপুরের টঙ্গীর হরতুল গ্রামের একটি বাসা থেকে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আটক করা হয়। ওই বাসা থেকে পুলিশ পাঁচটি গ্রেনেড সদৃশ বোমা এবং গ্রেনেড তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করে।
গ্রেপ্তার চার জঙ্গি হলেন- মামুনুর রশিদ, নূরজাহান, মিনা ও মারজিয়া।
জিজ্ঞাসাবাদে আটক জঙ্গিরা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এসব বিষ্ফোরক রেখেছে বলে স্বীকার করেছে। তবে কোথায়, কিভাবে এবং কখন এ হামলা করার পরিকল্পনা ছিল সে সম্পর্কে কিছু জানায়নি তারা।
এদিকে শুক্রবার রাতে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহতাসিম জেএমবির শীর্ষ পদমর্যাদার সুরা সদস্য ও বাকিরা এহসার সদস্য।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাব-১ এর একটি দল যৌথভাবে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকার একটি ভাড়াবাসা থেকে ওই তিন জঙ্গিকে গ্রেপ্তার করে। এসময় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ওই বাসায় তল্লাশি চালিয়ে প্রায় এক কেজি ওজনের দু'টি ইমপ্রোভাইজড বোমা, জেএমবির প্রকাশিত দু' হাজার সিডি ও বিপুল পরিমাণ জিহাদী বই-পুস্তক উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, মহান একুশের প্রাক্কালে জেএমবি কোনও সহিংস ঘটনা ঘটাতে পারে সে বিষয়টি চিন্তা করে আগে থেকেই জঙ্গি দমনে গোয়েন্দা কার্যক্রম জোরালো করে র্যাব।
প্রাপ্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে র্যাব-এর ইন্টেলিজেন্স উইংসহ সবগেেুলা ব্যাটালিয়ান একযোগে গত ১৮, ১৯ ও ২০ ফেব্র"য়ারি জঙ্গি দমনে অভিযান পরিচালনা করে। ঢাকার বাড্ডা, শনিরআখড়া, ভাষানটেক, যাত্রাবাড়ী, টঙ্গী, বোর্ডবাজার এবং কোনাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় এখনও র্যাবের জঙ্গিদমন অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৪৭ ঘ.
bdnews24