ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্র"য়ারি শহীদ মিনারে তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে অংশ নেবে প্রায় ৭ হাজার পুলিশ ও সাড়ে ছয় শ' র্যাব সদস্য।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, পুলিশ বাহিনীর ৬ হাজার ৮৯৮ সদস্য ২০ ফেব্র"য়ারি সন্ধ্যা ৭টা থেকে পুরো শহীদ মিনার এলাকার নিরাপত্তা দেখভাল করবে। সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত এক পালা এবং ভোর ৫টা থেকে ২১ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত আরেক পালায় তারা কাজ করবে।
তিনি জানান, শহীদ মিনার এলাকার সার্বিক নিরাপত্তা ও সু-শৃংখলভাবে শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখা নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবে।
নাইম আহমেদ জানান, শহীদ মিনারের আশপাশে ২৩টি জায়গায় সড়ক প্রতিবন্ধকতা স্থাপন করা হবে। বসানো হবে ২৮টি ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া মেটাল ডিটেক্টরও ব্যবহারও করা হবে। আশপাশের উঁচু ভবনে অবস্থান নিয়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারদিকে সজাগ দৃষ্টি রাখবে। নজরদারিতে মহিলা পুলিশও থাকবে। সাদা পোশাকের পুলিশও নজর রাখবে পরিস্থিতির ওপর।
তিনি জানান, শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে যাতে কোনো সমস্যা না হয়, সে ব্যাপারে যা যা করা প্রয়োজন পুলিশের পক্ষ থেকে তাই করা হবে।
দুপুরে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের জানান, শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য র্যাব প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে।
তিনি জানান, যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য র্যাবের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এজন্য বোমা স্কোয়াড, ডগ স্কোয়াড, গোয়েন্দা উইং সক্রিয় থাকবে।
শহীদ মিনারসহ আশপাশের এলাকায় র্যাবের প্রায় সাড়ে ৬ শ' সদস্য মোতায়েন থাকবে। মূলত শহীদ মিনার এলাকার নিরাপত্তা বিষয়টি দেখভাল করছে র্যাব-৩।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/টিআর/১৭১৬ঘ.
bdnews24