২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের দলীয়করণের কারণে কাজ করা যাচ্ছে না : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে ব্যাপক দলীয়করণের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "দলীয়করণের কারণে কাজ করা যাচ্ছে না। কাজে অসুবিধা হচ্ছে।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা,ফেব্র"য়ারি ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে ব্যাপক দলীয়করণের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "দলীয়করণের কারণে কাজ করা যাচ্ছে না। কাজে অসুবিধা হচ্ছে।" বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। (আরো তথ্যসহ) জোট সরকারের আমলে প্রশাসনসহ বিভিন্ন জায়গায় দক্ষ লোকদের সরিয়ে অযোগ্য লোকদের বসানোসহ দলীয়করণের বিভিন্ন চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন,"দলীয়করণের ফলে কাজ করা যাচ্ছে না। সেটা দেখতে হবে। সব জায়গায় কাজে অনীহা ও স্থবিরতা। আমরা লক্ষ্য করছি দলীয়করণের কারণে আমাদের কাজের অসুবিধা হচ্ছে।" বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে বিজয়ী ফজলুল আজিমের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন,"দলীয়করণ কাকে বলে,কত প্রকার ও কি কি তা আপনি ভালো করে জানেন। কারণ আপনি যে দলে ছিলেন (বিএনপি) তারা দেখিয়ে দিয়েছে দলীয়করণ কাকে বলে। প্রশাসন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় তারা দলীয়করণ করেছে। সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসন, হাসপাতাল, আদালত সব জায়গা থেকে দক্ষ লোকদের সরিয়ে দেওয়া হয়েছে।" উদাহরণ দিয়ে শেখ হাসিনা বলেন, "জোট সরকারের আমলে ২২ জন বিচারককে একযোগে বের করে দিয়ে এমন লোকদের নিয়োগ দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ রয়েছে। দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ( বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) এমন দলীয়করণ করা হয়েছে, যেখানে এখন রোগী থেকে ডাক্তার বেশি। অথচ সারা দেশে ডাক্তার কম। চিকিৎসা সেবায় সমস্যা হচ্ছে।" প্রধানমন্ত্রী বলেন, "আওয়ামী লীগ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে দলীয়করণের মানসিকতা নিয়ে কাজ করেনি। এখনো দলীয়করণ করবো না। জনগণ যে বিশ্বাস ও আস্থা আমাদের ওপর রেখেছে, সে অনুযায়ী কাজ করে যাবো।" বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলায় সরকারের পদক্ষেপ সম্পর্কে ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন," বাংলাদেশের অর্থনীতিতে বৈশ্বিক আর্থিক সঙ্কটের প্রভাব পর্যবেক্ষণ করে সরকারের করণীয় নির্ধারণ করার জন্য সচিব পর্যায়ে একটি টেকনিক্যাল কমিটি কাজ করছে। এরপরও সার্বিক সতর্কতার জন্য ব্যক্তিখাত এবং প্রথিতযশা অর্থনীতিবিদদের সমন্বয়ে একটি উচ্চতর টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ টাস্কফোর্স বৈশ্বিক সঙ্কটের দীর্ঘমেয়াদী অভিঘাতের মোকাবিলায় আমাদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেবে।" আওয়ামী লীগ সাংসদ চয়ন ইসলামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন," আওয়ামী লীগের আগের মেয়াদে নেওয়া 'একটি বাড়ি একটি খামার' প্রকল্প আমরা আবার চালু করছি। ইতোমধ্যে এ কার্যক্রম শুরুর প্রক্রিয়া চলছে।" সংসদে উত্থাপিত বক্তব্যে নিত্যপণ্যের মূল্য কমানো ও তা নিয়ন্ত্রণে রাখার বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, দ্রব্যমূল্য কমানোর জন্য জাতীয় পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত দ্রব্যমূল্য মনিটরিং ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় বাজার ব্যবস্থাকে প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে ব্যবসা-বান্ধব আমদানি নীতি প্রণয়ণ করা হচ্ছে। পণ্য সামগ্রি পরিবহন ব্যবস্থায় সব ধরণের চাঁদাবাজি বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। শেখ হাসিনা পোশাক শিল্পের শ্রমিকদের আবাসন ও রেশনের ব্যবস্থা করার জন্য গার্মেন্টস মালিকদের প্রতি অনুরোধ জানান। আরেক প্রশ্নের জবাবে উপজেলা পর্যায়ে সব স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যায়ক্রমে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ ও সব জেলা হাসপাতালে পর্যায়ক্রমে দশ শয্যার আইসিইউ চালু করা হবে বলে প্রধানমন্ত্রী জানান। টাঙ্গাইলের সাংসদ আবুল কাশেমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান,বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু) সংলগ্ন এলাকায় একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/কেআরসি/এইচএ/এসকে/২২১১ঘ.