পঞ্চগড়, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে এক ইমামের বিরুদ্ধে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে।
বুধবার শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে।
অভিযুক্ত জালাল মুন্সি (৫৭) সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের কুচিয়ামোড় জামে মসজিদের ইমাম। তার বাড়ি একই ইউনিয়নের বড়দহ গ্রামে। তিনি এখন পলাতক রয়েছেন।
এ ব্যাপারে শিশুটির মা পঞ্চগড় থানায় ওই ইমামের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
শিশুটির পরিবারের বরাত দিয়ে পঞ্চগড় থানার উপ পরিদর্শক মহিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার কুচিয়ামোড় জামে মসজিদের ইমাম জালাল মুন্সি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।
তিনি বলেন, "আমি সরেজমিন তদন্ত করেছি। ভিকটিম ও তার পরিবারসহ স্থানীয় লোকজনের কথা অনুযায়ী ঘটনাটিকে সত্য বলে মনে হচ্ছে।"
জালাল মুন্সিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ ফেব্র"য়ারি বিকেলে শিশুটির মা ইমামের বাড়ির পাশের এলাকায় তার মেয়েকে শুকনো পাতা কুড়াতে পাঠান। এ সময় ওই ইমামের ছেলে বউ শিশুটিকে কুল খেতে বাড়িতে ডাকেন। এরই এক ফাঁকে জালাল মুন্সি তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার করে সেখান থেকে পালিয়ে আসে।
শিশুর মা বলেন, "স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও আমি থানায় মামলা করেছি। আমরা জালাল মুন্সির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/ডিডি/২১০৪ ঘ.
bdnews24