ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার।
মঙ্গলবার বাংলাদেশে সফররত জাতিসংঘের সহকারি সেক্রেটারি জেনারেল অজয় শিবারের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের একথা বলেন।
এ বিষয়ে তিনি আরো বলেন, "পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ কিছু দেশের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়াও বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থা এগমন্ড গ্র"পের সদস্য হওয়ার চেষ্টা করছে।"
এ গ্র"পের সদস্য হলে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে আর কোন দেশের সঙ্গে চুক্তি করার প্রয়োজন হবেনা বলেও জানান তিনি।
দেশ থেকে পাচার হওয়া অর্থের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য রয়েছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "আমাদের কাছে এ ধরণের তথ্য খুবই কম রয়েছে। তবে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এ সংক্রান্ত কিছু তথ্য রয়েছে।"
পাচার হওয়া টাকা ফেরত আনতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য আদান প্রদানের বিষয় উন্মুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
বৈঠক শেষে বের হওয়ার সময় অজয় শিবার সাংবাদিকদের বলেন, "পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশ সহযোগিতা চাইলে জাতিসংঘ তা করবে।"
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/জিএনএ/১৩২৪ ঘ.
bdnews24