২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেটের নিচে পড়ে প্রাণ হারালো শিশু সানজিদা

প্রতিবেশীর বাড়ির গেট গায়ে পড়ে মারা গেছে মগবাজারের সতীর্থ কিন্ডারগার্টেনের ১ম শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তার (৬)। সানজিদা লেখক ইমদাদুল হক মিলনের বাসায় আশ্রিতা হিসেবে থাকতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 04:41 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবেশীর বাড়ির গেট গায়ে পড়ে মারা গেছে মগবাজারের সতীর্থ কিন্ডারগার্টেনের ১ম শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তার (৬)। সানজিদা লেখক ইমদাদুল হক মিলনের বাসায় আশ্রিতা হিসেবে থাকতো। ইমদাদুল হক মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে সানজিদা তার ফুপুর সঙ্গে স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় প্রতিবেশী অভিনেতা সৈয়দ হাসান ইমামের বাসার গেটটি আটকে গেলে ভেতর থেকে কয়েকজন মিলে খোলার চেষ্টা করে। হঠাৎ গেটটি খুলে সানজিদার ওপর পড়ে যায়। মিলন জানান, গুরুতর আহত সানজিদাকে আশেপাশের লোকজন কাছাকাছি থাকা আদদ্বীন হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি শিশুটিকে পিজি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মিলন বলেন, "সানজিদার বাবা-মা মারা যাওয়ার পর সে তার ফুপু কাজের বুয়া রহিমা আক্তারের সঙ্গে গত ছয়মাস ধরে আমার বাসায় থাকতে শুরু করে। আমি এ বছর তাকে কিন্ডারগার্টেনে ভর্তি করিয়ে দেই।" রমনা থানার সহ-পরিদর্শক হাবিবুল হক প্রধান জানিয়েছেন, এই ঘটনায় ইমদাদুল হক মিলন বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/এসকে/২২৩১ঘ.