বাগেরহাট, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মংলায় পশুর নদীতে সোমবার ভোরে কার্গোর ধাক্কায় লবণ বোঝাই একটি ট্রলার ডুবে সৈয়দ আহমেদ (৫০) নামে এক খলাসীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ট্রলারের আরও সাত খালাসী। নিখোঁজ রয়েছেন নূর আলী (৪৫) নামে একজন লবণ ব্যবসায়ী।
নিহত সৈয়দ আহমেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ ও স্থানীয় ডুবুরীদল তল্লাশী চালাচ্ছে। এই ঘটনায় ট্রলারের সুকানী শফিকুল ইসলাম বাদী হয়ে মংলা থানায় একটি মামলা করেছেন।
আহতরা হলেন- জাহাঙ্গীর আলম, আলী আকবর, জাহাঙ্গীর হোসেন, মোবারক শেখ, তৈয়ব আলী, আযম মোল্লা ও দুলাল মিঞা। এদের মধ্যে জাহাঙ্গীর ও আলী আকবর কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।
দুপুরে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, চট্টগ্রামের চকরিয়ার লবণ ব্যবসায়ী গফুর হাজীর সাড়ে পাঁচ হাজার মণ লবণ নিয়ে ট্রলারটি খুলনা যাচ্ছিল। পশুর নদীতে মংলার বুড়িরডাঙ্গা বাজারের কাছে একটি কার্গো পাশ থেকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। এতে সৈয়দ আহমদ মারা যান। আহত হন আরও সাত খালাসী।
তিনি জানান, ট্রলারডুবিতে চকরিয়ার ব্যবসায়ী নূর আলী নিখোঁজ রয়েছেন। তিনি লবণ ব্যবসায়ী গফুরের প্রতিনিধি হিসেবে খুলনায় যাচ্ছিলেন। কার্গোটিকে আটক করা যায়নি বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০০ ঘ.
bdnews24