রংপুর, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর অঞ্চলের পাঁচ জেলায় রোববার রাত ১টা ৩৫ মিনিটে মৃদু কম্পন অনূভূত হয়েছে। এ সময় ঘুমিয়ে থাকা মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে কোথাও কোন য়তির খবর পাওয়া যায়নি।
রংপুর আবহাওয়া অফিসে অবস্থিত সিসমিক স্টেশনের কর্মকর্তা মমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার রাত ১টা ৩৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের ৪ মাত্রার এ ভূকম্পনের স্থায়িত্বকাল ছিল ৩০ সেকেন্ড।"
তিনি বলেন, "ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে এবং ঢাকা আবহাওয়া অফিস থেকে দুইশ' ৭৬ কিলোমিটার দূরে। রংপুর অঞ্চলের পাঁচ জেলা রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা , নীলফামারী ও লালমনিরহাট জেলা ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে হওয়ায় এখানে ভূকম্পন অনুভূত হয়েছে।
ঢাকা আবহাওয়া অফিসে টেলিফোনে যোগাযোগ করা হলে আবহাওয়াবিদ নাজমুস সাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১টা ৩৫ মিনিট ৫৯ দশমিক ৭৩ সেকেন্ড এই ভূকম্পন অনুভূত হয়।"
তিনি বলেন, "আগারগাঁও আবহাওয়া অফিস থেকে উত্তর ও উত্তর পশ্চিমে দুইশ' ৭৬ কিলোমিটার দূরে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের মাঝামাঝি এলাকা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/১৪২৬ ঘ.
bdnews24