২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারুকলা অনুষদের অপ্রীতিকর ঘটনা তদন্তে কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে রোববার দুপুরে সংঘটিত ঘটনা তদন্তে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। রাত ৮টায় এক জরুরি সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 06:08 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে রোববার দুপুরে সংঘটিত ঘটনা তদন্তে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। রাত ৮টায় এক জরুরি সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয়। উপ-উপাচার্য অধ্যাপক হারুনুর রশীদকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের কমিটির সদস্য সচিব হলেন প্রক্টর অধ্যাপক এ. কে. সাইাফুল ইসলাম খান। সদস্যরা হলেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তাজমেরী এস. এ. ইসলাম, ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ. এইচ. আহমেদ কামাল এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রহমত উল্লাহ। সিন্ডিকেট সদস্য অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপ-উপাচার্য অধ্যাপক হারুনুর রশীদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। দিনকাল, সংগ্রাম, যায়যায়দিন ও এবিসি রেডিওর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অভিযোগ করেছেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পুরনো কিছু ছাত্র র‌্যাগিং করার সময় এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা তাদের মারধর করে। শিক্ষক শিশির ভট্টাচার্যের কাছে নালিশ করতে গেলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে ওই প্রতিনিধিরা অভিযোগ করেন। শিশির ভট্টাচার্য এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র‌্যাগিংয়ের ঘটনা সম্পর্কে সাংবাদিকরা আমার সঙ্গে কথা বলতে এলে আমি বলেছি, এটি চারুকলার অভ্যন্তরীণ বিষয়। ঘটনাটা জেনে নিজেরাই আমরা তার সমাধান করব।" তিনি অভিযোগ করেন, "প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে র‌্যাগিংয়ের ঘটনা ঘটলে প্রথমেই তাদের উচিত ছিল সংশ্লিষ্ট অনুষদকে জানানো। কিন্তু তারা জানিয়েছে সাংবাদিকদের। তাই এ ঘটনাটি পূর্ব পরিকল্পিত হতে পারে।" বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম খান মেডিকেল সেন্টারে আহত সাংবাদিকদের দেখতে যান। প্রক্টর জানান, শিক্ষার্থীরা মৌখিক অভিযোগ করেছে যে, সাংবাদিকরাই তাদের ওপর হামলা চালিয়েছে। শিশির ভট্টাচার্য ও 'হামলাকারী' ছাত্রদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং আহতদের ক্ষতিপূরণ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ক্যাম্পাসে মিছিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/ডিডি/এসকে/০০০২ঘ.