২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র মামলা: দুই আসামি ফের রিমান্ডে

চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা অস্ত্র মামলার দুই আসামিকে আবার রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 01:20 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা অস্ত্র মামলার দুই আসামিকে আবার রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার দুপুরে মহানগর হাকিম মামলার আসামি হাফিজুর রহমান ও দীন মোহাম্মদের রিমান্ড মঞ্জুর করেন। মামলার নতুন তদন্ত কর্মকর্তা (আইও) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি'র চট্টগ্রাম জোনের সহকারী সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী তাদের পাঁচদিনের রিমান্ডের আবেদন জানালে হাকিম আবু হান্নান শুনানি শেষ তা মঞ্জুর করেন। এর আগেও কয়েক দফা রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ২০০৪ সালের ২ এপ্রিল মধ্যরাতে কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ট্রলার থেকে খালাসের সময় দশ ট্রাক অস্ত্র আটক করে পুলিশ। অত্যাধুনিক অস্ত্রের এ বিরাট চালান আটকের ঘটনাটি তখন দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। অস্ত্র উদ্ধারের পর ওইদিন রাতেই কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র মামলায় ৪৩ জনকে এবং চোরাচালান মামলায় ৪৪ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেন। এ দুই মামলায় আটক করা হয় হাফিজুর রহমান, দীন মোহাম্মদ ও ইয়াকুব আলীকে। এদের মধ্যে ইয়াকুব মারা গেছেন। বাকিরা পলাতক। সরকারি আইনজীবী (মহানগর পিপি) আহসানুল হক হেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৮ জানুয়ারি মামলাটির অধিকতর তদন্তের জন্য আদালত তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সিআইডির সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি জানান, তদন্ত কর্মকর্তা দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন জানালে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, দুই আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সিআইডি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। গত ১৮ জানুয়ারি মহানগর পিপি আহসানুল হক হেনার আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেন। সে অনুযায়ী গত ৩০ জানুয়ারি নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। এর আগে মামলার বাদি আহাদুর রহমান, পরবর্তীতে সহকারী পুলিশ কমিশনার এ কে এম কবির উদ্দিন এবং সর্বশেষ সহকারী পুলিশ কমিশনার মীর নওশের আলী মামলাটি তদন্ত করেন। ২০০৪ সালের ২৫ আগস্ট মামলা দুটির অভিযোগপত্র দাখিল এবং ২০০৫ সালের ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০০৬ সালের ১৭ জানুয়ারি থেকে মামলা দুটির বিচার কার্যক্রম শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯২১ ঘ.