রাজশাহী, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) দ্বি-বার্ষিক নির্বাচন শেষে ভোট গণনার সময় শনিবার রাতে একদল যুবক চেম্বার ভবনে ভাঙচুর করেছে।
এ কারণে ভোট গণনা রাত ৮টা থেকে আধঘণ্টার মতো বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে আরসিসিআই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
"ভোট গণনাকালে রাত ৮টার দিকে অপরিচিত একদল যুবক হঠাৎ শ্লোগান দিয়ে চেম্বার ভবনে ঢুকে পরিচালক প্রার্থী আবু বাক্কারের ছেলে তানভিরকে খুঁজতে থাকে। উপস্থিত লোকজন তানভির নেই বলে জানালে তারা ঘরের দরজা ও দেয়ালের কাঁচ ভাঙচুর করে।"
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী চেম্বারের বর্তমান সভাপতি হাসেন আলী জানান, যেহেতু ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে, তাই থানায় জিডি করা হবে।
কারা এবং কেন ভাঙচুর করেছে তা তিনি অবগত নন বলে জানান।
আরসিসিআই নির্বাচনে ১২টি পরিচালক পদে দু'টি প্যানেল থেকে ২৪ জন এবং দু'জন স্বতন্ত্র প্রার্থীসহ ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার পাঁচ হাজার ৯১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৫১ঘ.
bdnews24