২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রতিহত করা হবে: রক্ষা কমিটি

পরীক্ষামূলকভাবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরিকল্পনাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

দিনাজপুর, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরীক্ষামূলকভাবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরিকল্পনাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির নেতারা। একইসঙ্গে ২০০৬ সালে ফুলবাড়ী কয়লা খনির বিরুদ্ধে আন্দোলনকারী জনগণের সঙ্গে সরকারের ছয় দফা চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। শনিবার বিকেলে দিনাজপুরের বড়পুকুরিয়ার কালুপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে জাতীয় কমিটির নেতারা এ কথা বলেন। কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "বড়পুকুরিয়া কয়লা খনি কোনমতেই বন্ধ করা যাবে না। কিন্তু যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটির সমাধারন করতে হবে। পরীক্ষামুলক উম্মুক্ত পদ্ধতির নামে কয়লা উত্তোলনের যে কোন প্রচেষ্টা প্রতিহত করা হবে।" এ প্রসঙ্গে তিনি ২০০৬ সালের ২৬ আগষ্ট ফুলবাড়ীবাসীর খনিবিরোধী আন্দোলনের বিষয়টি উল্লেখ করেন। ওই আন্দোলনের সময় পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছিলেন। ওই সময় বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার আন্দোলনকারীদের সঙ্গে ছয় দফা চুক্তি করে। কমিটির সদস্য সচিব বলেন, "২০০৬ সালের ৪ সেপ্টেম্বর ফুলাবাড়ীর জনগণের ছয় দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন- তারা ক্ষমতায় গেলে এসব দাবি পূরণ করবেন। আমরা আশা করি তিনি তার প্রতিশ্র"তি বাস্তবায়ন করবেন। আর তিনি যদি প্রতিশ্রতি থেকে সরে আসেন তাহলে এই এলাকার জনগণ তাদের জানমাল, জমি, ফসল রক্ষায় কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।" বিকেল ৩টা থেকে রাত পৌণে ৮টা পর্যন্ত তেল গ্যাস রক্ষা কমিটির বড়পুকুরিয়া আঞ্চলিক শাখার আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক এম এম আকাশ, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, বাংলাদেশে সমাজতান্ত্রিক দল (বাসদ) এর শুভ্রাংশু চক্রবর্তী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক মজদুর পার্টির আব্দুস সালাম প্রমুখ। সমাবেশে নেতারা বলেন, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি নিয়ে আবারও চক্রান্ত শুরু হয়েছে। বর্তমান সরকারের মধ্যে বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষাকারী একটি মহল সক্রিয় হয়ে উঠেছে। গত ২৭ জানুয়ারি সরকারের একজন উপদেষ্টা ও দুজন প্রতিমন্ত্রী বড়পুকুরিয়া কয়লা খনি এলাকা পরিদর্শন করেছেন। তারা এলাকার দেবে যাওয়া জমি ও ফাটল ধরা বাড়িঘরের মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার এবং অন্যত্র সরিয়ে নেওয়ার কথা বলেছেন। এ ধরনের তৎপরতা প্রতারণামূলক ও অঞ্চলটিকে উন্মুক্ত পদ্ধতির অধীনে নিয়ে যাওয়ার চক্রান্তের অংশ বলে তারা মনে করেন। পূনর্বাসনের নামে জনগণকে অন্যত্র সরিয়ে উন্মুক্ত পদ্ধতিতে খনি করার চক্রান্ত বন্ধ ও ক্ষতিগ্রস্তদের যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়ার দাবিসহ সাত দফা সংবলিত একটি ঘোষণাপত্র পাঠ করা হয় সমাবেশে। বড়পুকুরিয়া খনি সংলগ্ন রেল গেটে সমাবেশ আহ্বান করা হলেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সেখানে সমাবেশ করতে দেয়নি। পরে কয়েক কিলোমিটার দুরে কালুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়লা খনি একটি জাতীয় গুরুত্বপুর্ণ স্থাপনা। এর নিরাপত্তার কথা ভেবেই খনির গেটে তাদের সমাবেশ করতে দেয়া হয়নি।" তিনি জানান, সমাবেশের সময় কয়লা খনির নিরাপত্তার জন্য অতিরিক্ত দেড় প্লাটুন পুলিশ মোতায়েন রাখা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.