চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভোগ্যপণ্যের আমদানি মূল্যের সঙ্গে খুচরা মূল্যের ব্যবধান কমাতে সরকার কাজ করছে। এজন্য নিত্যপণ্যের মূল্য তদারকিতে 'মনিটরিং সেল' গঠন করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক ।
শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে আমদানিকারক, ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা জানান।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করে।
খাদ্যশস্যের দাম কমার পরও বেকারি পণ্যের দাম না কমার বিষয়টি নিয়ে সভায় দীর্ঘ আলোচনা হয়। এ সময় ব্যবসায়ীরা বেশ কিছু সুপারিশ তুলে ধরেন মন্ত্রীর কাছে।
সভা শেষে আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "মনিটরিং সেল নিয়মিত প্রতিটি পর্যায়ে ভোগ্যপণ্যের মূল্য তদারক করবে।"
ব্যবসায়ীদের সঙ্গে একমত পোষণ করে মন্ত্রী বৈঠকে বলেন, ব্যাংকগুলোর সুদের হার বেশি। ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে সুদের হার কমানোর ব্যাপারে মন্ত্রীসভায় আলোচনা হবে।
তিনি জানান, জোট সরকারের আমলে বেপজার কাছে ইজারা দেওয়া চট্টগ্রামের হালিশহর খাদ্য গুদামকে (সিএসডি) ফিরিয়ে নেওয়া হবে। আরও ৭০টি খাদ্য গুদাম নির্মাণ করা হবে। খাদ্য মজুদ সংকট মোকাবেলায় সারাদেশে খাদ্য গুদামগুলোকে নতুন করে সাজানো হবে।
খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক পিউস কস্তার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের প্রথম সহ-সভাপতি এম এ ছালাম, পরিচালক সৈয়দ ছগীর আহম্মদ, বিভাগীয় কমিশনার এম এন সিদ্দিক, চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক চিত্ত রঞ্জন ব্যাপারী প্রমুখ।
মেয়র মহিউদ্দিন চৌধুরী বলেন, "চট্টগ্রামে আগামী কয়েকদিনের মধ্যে যারা বেকারি পণ্য ও হোটেল-রেস্তোরার খাবারের দাম কমাবে না তাদের ট্রেড লাইন্সেস বাতিল করা হবে। দোকানে দোকানে তালা লাগিয়ে দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এইচএ/২০৪৪ঘ.
bdnews24