২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিএনসিসির ক্যাম্পে ক্যাডেট গুলিবিদ্ধ

সাভারের বাইপাইল এলাকায় ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় শনিবার সকালে শাহ একরামুল হক চৌধুরী (২০) নামে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্টের একজন প্রশিক্ষণার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

সাভার, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের বাইপাইল এলাকায় ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় শনিবার সকালে শাহ একরামুল হক চৌধুরী (২০) নামে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্টের একজন প্রশিক্ষণার্থী গুলিবিদ্ধ হয়েছেন। বুকে গুলিবিদ্ধ একরামকে প্রথমে সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং পরে ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়। একরাম চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সামসুল হক চৌধুরীর ছেলে এবং চট্টগ্রাম পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার জানান, বাইপাইল এলাকার বিএনসিসি ক্যাম্পের একটি তাবুতে প্রশিক্ষণার্থী শাহ একরামুল হক চৌধুরী ঘুমিয়ে ছিলেন। সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে তাবু ভেদ করে একটি গুলি তার বুকে বিদ্ধ হয়। তবে গুলিটি কে ছুড়েছে বা কোথা থেকে ছোড়া হয়েছে জানতে চাইলে উপ-পরিদর্শক সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি রহস্যজনক। বিষয়টি আরও ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে।" আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, "চাঁদমারিতে সেনা সদস্যদের অনুশীলনের সময় গুলি এসে একরামের বুকে বিদ্ধ হতে পারে।" ক্যাম্প থেকে দক্ষিণ গাজিরচটের লাল পাহাড়ে অবস্থিত চাঁদমারির দূরত্ব প্রায় তিন কিলোমিটার। এ ছাড়া ক্যাম্প ও চাঁদমারির মাঝে অসংখ্য স্থাপনাও রয়েছে। এ অবস্থায় কীভাবে গুলিটি এল জানতে চাইলে ওসি বলেন, "বড় রাইফেলের গুলি আসতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জিএনএ/২০১৩ ঘ.