২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোকুলনগর গ্রামে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 01:41 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঝিনাইদহ, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোকুলনগর গ্রামে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় আট থেকে ১০টি বাড়িতে হামলা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং চারজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আহতদের নাম জানা যায়নি। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম জানান, জমি নিয়ে গোকুলনগর গ্রামের আওয়ামী লীগ সমর্থক মতিয়ার রহমান এবং বিএনপি সমর্থক সৈয়দ আলি বিশ্বাসের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানায় মামলাও হয়েছে। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার বিএনপি সমর্থক সরোয়ার বিশ্বাসকে আওয়ামী লীগ সমর্থকরা কুপিয়ে জখম করে। এ ঘটনায় শনিবার সকালে দুপক্ষের মধ্য সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষই ঢাল, সড়কি, রামদা ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষের সময় সরোয়ার বিশ্বাস, আমজাদ বিশ্বাস, সৈয়দ আলি বিশ্বাস, ইছাহক আলী, তাপু, জমির ও লিটনের বাড়িসহ ৮/১০টি বাড়িতে হামলা হয়। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দুপুর পর্যন্ত কোন পক্ষই থানায় মামলা করেনি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪১ ঘ.