চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানে বাস দুর্ঘটনার প্রায় ৪২ ঘন্টা পর শনিবার দুপুরে চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্রী প্রিয়াসী মুৎসুদ্দীর লাশ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত গাড়ির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৬টার দিকে বনভোজন শেষে ফেরার পথে চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস বান্দরবান শহরের কাছে মানুর টেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে সাত শিক্ষার্থী এবং দুজন অভিভাবক নিহত হন। আহত হন অন্তত ৪০ জন। দুর্ঘটনার পর থেকে প্রিয়াসী নিখোঁজ ছিলেন।
প্রিয়াসী চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং চট্টগ্রামের সঙ্গীত সংগঠন রক্তকরবীর সদস্য।
তার বাবা তেমিও মুৎসুদ্দী শনিবার দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের জানান, লাশ বান্দরবান থেকে সরাসরি গ্রামের বাড়ি রাউজানের আবুরখীল গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাহ করা হবে।
বান্দরবান সদর থানার দায়িত্বরত উপ-পরিদর্শক জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সদস্যরা বাসটি সরিয়ে প্রায় আড়াই ফুট পানির নিচ থেকে লাশটি উদ্ধার করে। লাশটি প্রিয়াসীর বলে তার স্বজনরা শনাক্ত করেন।
বান্দরবান সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত হয়েছে বলে তিনি জানান।
এদিকে, দুর্ঘটনায় নিহতদের স্মরণে চট্টগ্রাম কলেজে তিনদিনের শোক কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা শোক র্যালি করেন। র্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব হয়ে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। সাড়ে ১১টায় প্যারেড ময়দানে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর দুপুর ১টায় কলেজ অধ্যক্ষ মুহম্মদ আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শোক সভা। আগামীকাল রোববার সকালে কলেজ মসজিদে মিলাদ মাহফিল হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮০৮ ঘ.
bdnews24