গোপালগঞ্জ, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েনিস্টফোর ডটকমক)- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ওসিসহ তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপলগঞ্জ সদর উপজেলার চন্দ্র দীঘলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারাপদ শিকদার (৪৫), তার শ্যালিকা মমতা রানী দত্ত (৪০) এবং রকিব মোল্যা (১০) নামের এক মাদ্রাসা ছাত্র।
ওসির আহত স্ত্রী স্বপ্না রানী দত্তকে (৩২) গোপালগঞ্জ হাসপাতালে এবং ভাগ্নি মুক্তা রানী দত্তকে (১৪) আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের টুঙ্গিপাড়া সফরকালে পেশাগত দায়িত্ব পালনের জন্য ওসি তারাপদ শিকদার ফুলবাড়িয়া থেকে একটি মাইক্রোবাসযোগে স্ত্রী, শ্যালিকা ও ভাগ্নিকে নিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন। চন্দ্র দীঘলিয়া মাদ্রাসার সামনে পৌঁছলে তাদের মাইক্রোবাসটি ওই মাদ্রাসার ছাত্র রকিব মোল্যাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ওসি সহ তিনজন নিহত হন।
ওসি তারাপদ শিকদারের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানী গ্রামে।
বিডিনিউজ টোয়েনিস্টফোর ডটকমক/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০৪৫ ঘ.
bdnews24