২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শুক্রবার রাত থেকে আবার শুরু হচ্ছে পুলিশের বিশেষ অভিযান'

শুক্রবার রাত ১২টা থেকে আবার ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান শুরু করছে পুলিশ। কয়েকদিন আগে শেষ হওয়া অভিযানে সাফল্য পাওয়ায় পুনরায় এই অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 01:55 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার রাত ১২টা থেকে আবার ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান শুরু করছে পুলিশ। কয়েকদিন আগে শেষ হওয়া অভিযানে সাফল্য পাওয়ায় পুনরায় এই অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ। শুক্রবার ডিএমপি সদর দপ্তরে ঢাকা মহানগর পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ কথা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এছাড়া পুলিশের মহাপরিদর্শক নুর মোহাম্মদ ও র‌্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "রাজধানীর দেড় কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব মহানগর পুলিশের। তাদেরকে সেই দায়িত্ব আরো দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে। এক্ষেত্রে কমিউনিটি পুলিশের ভূমিকাও অপরিহার্য। "মহাজোটের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষায় সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এজন্য পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হবে। ছিনতাই, অজ্ঞানপার্টির তৎপরতারোধে পুলিশ বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশ সদস্যদেরও দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।" ডিএমপি কমিশনার নাইম আহমেদ বলেন, রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপির সদস্যরা ৩৪ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা দিনে দিনে নিজেদের দক্ষ ও আধুনিক একটি বাহিনী হিসাবে গড়ে তুলেছে। এ ধারা অব্যাহত থাকবে। তিনি জানান, মাত্র কয়েকদিন আগে শেষ হওয়া পুলিশের বিশেষ অভিযানে আশাতীত সাফল্য পাওয়া গেছে। এ কারণে শুক্রবার রাত থেকেই আবার বিশেষ অভিযান শুরু করা হবে। এই অভিযানে পুলিশ মূলত ছিনতাই, অজ্ঞানপার্টির তৎপরতা ও ডাকাতি প্রতিরোধে কাজ করবে। এছাড়া রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহনও পরীক্ষা করা হবে। নাইম আহমেদ বলেন, "বর্তমানে ৩৫টি থানা নিয়ে মহানগর পুলিশ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উন্নত সেবা দেয়ার লক্ষ্যে শিগগিরই আরো ছয়টি থানা প্রতিষ্ঠা করা হবে।" মহানগরীতে গাড়িচুরি প্রতিরোধে পুলিশ কমিশনার গাড়ির মালিকদের সতর্ক হওয়ার আহবান জানান। তিনি ড্রাইভারদের ছবিসহ জীবনবৃত্তান্ত সংরক্ষণেরও পরামর্শ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/১৯৪৮ঘ.