২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় সংঘর্ষের ঘটনায় ১২শ' শ্রমিকের বিরুদ্ধে মামলা

আশুলিয়ার শ্রীপুর এলাকায় কুশিয়ারা কম্পোজিট নিট ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ১২শ' শ্রমিককে আসামি করে দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

সাভার, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আশুলিয়ার শ্রীপুর এলাকায় কুশিয়ারা কম্পোজিট নিট ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ১২শ' শ্রমিককে আসামি করে দুটি মামলা হয়েছে। বুধবার মধ্যরাতে কুশিয়ারা কম্পোজিট নিটের ব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করীম ৫১ জন শ্রমিককে আসামি করে একটি মামলা (নং-২৭) করেন। পুলিশের উপর হামলার অভিযোগ এনে এ ৫১জনসহ অজ্ঞাতনামা ১২ শ' শ্রমিককে আসামি করে আরেকটি মামলা (নং-২৬) করেন আশুলিয়া থানার উপ পরিদর্শক মফিজুল ইসলাম। পুলিশ বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ জন শ্রমিককে গ্রেপ্তার করেছে। এরা কারখানার ব্যবস্থাপকের করা মামলার আসামি। এদের পুলিশের করা মামলায়ও আসামি দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আল মামুন ওরফে মামুন (২৫), লিটন মিয়া (২৪), শাহীন মিয়া ওরফে শাহীন আলম (২৫), আসলাম (২৮), মঞ্জুরুর রহমান (৩৭), আবু সাঈদ (৩০), ইসমাইল হোসেন ওরফে রেজাউল ইসলাম (২১), সজিবুল ইসলাম সজল (২৫), মনিরুল ইসলাম (২৫), রায়হান (২০) ও তোফাজ্জল হোসেন (২৫)। বুধবার দুপুরে বকেয়া বেতনের দাবিতে কুশিয়ারা নিটের শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩১ পুলিশসহ কমপক্ষে ১০০জন আহত হন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টাকালে হঠাৎ পেছন থেকে একটি মহল শ্রমিকদের উস্কানি দেয়। এতে শ্রমিকরা পুলিশের উপর হামলা চালায়। তিনি বলেন, ভিডিও ফুটেজ থেকে উস্কানিদাতা ও হামলাকারী শ্র্রমিকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শফিউল আলম জানান, ১১ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য ছয়জনকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, বুধবার পুলিশ আত্মরক্ষার্থে ২৪১ রাউন্ড রাবার বুলেট ও ৫৯ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছিল। বৃহস্পতিবার কুশিয়ারা কম্পোজিট নিটের কারখানায় গিয়ে দেখা যায়, প্রধান ফটকে একটি নোটিশ ঝুলছে। তাতে লেখা রয়েছে- বৃহস্পতিবার ও শুক্রবার কারখানা বন্ধ থাকবে। শনিবার যথারীতি কারখানায় কাজ হবে। ওইদিনই শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৮ ঘ.